সরকারি মদদ ছাড়া এ হামলা সম্ভব নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, প্রতিপক্ষকে রাজনীতিকভাবে মোকাবিলা না করে জীবন শেষ করে দেওয়ার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। ২০০৪ সালের ২১ আগস্ট বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার বিবরণ দিয়ে বলেন, ‘সরকারি মদদ ছাড়া এ ধরনের হামলা কখনই সম্ভব নয়। পরিকল্পিতভাবেই শাসক গোষ্ঠীর সহায়তায় এই হামলা চালানো হয়েছিল। সে সময় বিরোধী দল কোনো সভা-সমাবেশ করলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হতো। বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশের সময় আমাদের কর্মীরা আশপাশে ছাদগুলোতে পাহারা দিত। কিন্তু সেদিন কাউকেই ছাদে উঠতে দেওয়া হয়নি। সেদিন হামলার পর পুলিশ হতাহতদের উদ্ধার না করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছিল। এর একটা মাত্র উদ্দেশ্যেই ছিল যাতে হামলাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। হামলার পরপরই সব আলামত ধ্বংস করা হয়েছে।’এর আগে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় এক মিনিট নীরবতা পালন এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার এবং বিচারের রায়ও কার্যকর হবে ইনশাআল্লাহ।শেখ হাসিনা গ্রেনেড হামলায় আহত ব্যক্তিদের চিকিত্সা ও নিহতদের পরিবারকে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট থেকে সহায়তা প্রদানের কথা উল্লেখ করে বলেন, ‘আমি যতদিন বেঁচে থাকব, ততদিন তাঁদের সাহায্য করে যাব।’ তিনি জনগণের কাছে তাঁদের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার দোয়া কামনা করেন।অনুষ্ঠানে গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্য, আহত, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সাংসদ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বাসস।