সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে পাঁচ হাজার ৬৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক দীপক কুমার নাগ আজ প্রথম আলোকে জানান, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পাশাপাশি টেলিটক মোবাইলে নির্ধারিত পদ্ধতিতে ফল জানা যাবে। তিনি আরও জানান, এক হাজার ৯৬৮টি পদের জন্য এই পরীক্ষায় আবেদনকারী ছিল এক লাখ ৩২ হাজার ২৯৯ জন। তবে ওই দুই ওয়েব সাইটে এখনো ফলাফল তালিকা প্রকাশ করা হয়নি।৭ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর আগে গত বছরের ৯ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও আগের দিন রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল।