সরকারি শাহ সুলতান কলেজের ছাত্রাবাস থেকেও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের দিক থেকে সরকারি শাহ সুলতান কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে। সাড়ে চার হাজার শিক্ষার্থীর পদচারণে মুখরিত এর ক্যাম্পাস। বগুড়া শহর থেকে দক্ষিণে চার কিলোমিটার দূরে বনানীর কাছে অবস্থিত কলেজটি। এ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মরহুম বয়েন উদ্দিনের নামে ছাত্রাবাস রয়েছে। নাম দেওয়া হয়েছে ‘অধ্যক্ষ বয়েন উদ্দিন হল’। তবে ৪০ আসনের এ ছাত্রাবাস এক যুগ ধরে অব্যবহূত পড়ে রয়েছে।সরেজমিনে দেখা গেছে, কলেজের উত্তর-পূর্ব কোনায় দুটি ভবন নিয়ে ছাত্রাবাসটি গড়ে উঠেছে। জঙ্গলে ভরা এই ছাত্রাবাসের দরজা-জানালা বা কোনো আসবাবপত্র নেই। একটি ভবনের টিনের চালাও কে বা কারা খুলে নিয়েছে।কলেজের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের প্রথমদিকে এই ছাত্রাবাসে যুবলীগের এক কর্মী খুন হয়। তার পর থেকে এখানে কোনো শিক্ষার্থী বাস করে না। ছাত্রাবাসটি শূন্য পড়ে আছে। যে কারণে ছাত্রাবাসটি এখন অসামাজিক কারবারের আখড়ায় পরিণত হয়েছে। রাতে মাদকসেবীরা এখানে আড্ডা বসায়। ভয়ে কিছু বলতে পারেন না বলে ওই কর্মচারী জানান।এই কলেজের ছাত্র আমির হোসেন জানায়, আগে থেকেই ছাত্রাবাসটি ভালো ছিল না। নানা সমস্যার মধ্যে আবার ওই খুনের ঘটনা ঘটে। তার পর থেকে ভয়ে ছাত্ররা কেউ ওই ছাত্রাবাসে থাকতে চায় না। এখন তো ওখানকার দরজা-জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে মাদকাসক্তরা।দ্বিতীয় বর্ষের ছাত্র মোসলেম উদ্দিন জানায়, ছাত্রাবাসে থাকার ব্যবস্থা না থাকায় কলেজ থেকে আধা কিলোমিটার দূরে তাকে চরম কষ্ট করে থাকতে হচ্ছে। তার মতো আরও অনেকেই এই দুর্ভোগ পোহাচ্ছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা হায়দার বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে ছাত্রাবাসটি আর ব্যবহার হয় না। তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে আটটি বিষয়ে অনার্স কোর্স রয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য একটি আবাসনব্যবস্থা হওয়া জরুরি। সেটি এমনভাবে হবে যাতে করে শিক্ষার্থীরা পড়াশোনার পরিবেশ পায়। তিনি বলেন, কলেজের পুরোনো জায়গায় নতুন করে ছাত্রাবাস করা যায়। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে জায়গার কোনো সমস্যা হবে না।