সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার শিক্ষকের পদ শূন্য
দেশে প্রাথমিক পর্যায় থেকে কলেজ পর্যন্ত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে কলেজ পর্যায়ে তিন হাজার ৬৭৭টি, মাধ্যমিক পর্যায়ে দুই হাজার ৮২০টি, প্রাথমিক বিদ্যালয়ে ছয় হাজার ৬৬৯টি ও রাজস্ব খাতের পলিটেকনিক ইনস্টিটিউটে ৩০২টি পদ শূন্য।সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শিক্ষকস্বল্পতার কারণে অনেক প্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কলেজে।কলেজ ও মাধ্যমিক পর্যায়ে পদ শূন্য হয় দুই কারণে—অবসরে যাওয়া ও পদোন্নতি পাওয়া। আর প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদ সৃষ্টির প্রধান কারণ নিয়মিত শিক্ষক নিয়োগ না হওয়া। এই পর্যায়ে প্রতিবছর ছয় হাজার থেকে সাত হাজার শিক্ষক অবসরে যান। কিন্তু প্রতিবছর নিয়োগ না হওয়ায় শূন্য পদের সংখ্যা বাড়তে থাকে।কয়েকজন শিক্ষাবিদ, শিক্ষক সংগঠনের নেতা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধু শূন্য পদ পূরণ নয়, পাশাপাশি শিক্ষকের নতুন পদ সৃষ্টি করতে হবে।বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন ‘শিক্ষকের এত পদ শূন্য থাকলে তো শিক্ষাকার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব পড়বেই। তাই কেন শূন্য পদগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না, তার কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’সরকারি কলেজ: শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ২৯৩টি সরকারি কলেজ ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের মোট পদ আছে ১৪ হাজার ৪৪৭টি। এর মধ্যে গত মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত প্রভাষকের সাত হাজার ৩৫০টি পদের মধ্যে দুই হাজার ৩৪৯টি, সহকারী অধ্যাপকের তিন হাজার ৯৮৭টি পদের মধ্যে ৯২২টি, সহযোগী অধ্যাপকের দুই হাজার ৩৩৩টি পদের মধ্যে ২৫৫টি এবং অধ্যাপকের ৭৭৭টি পদের মধ্যে ১৫১টি পদ শূন্য ছিল। সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের মধ্যে অনেকেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন কর্মকর্তা বলেন, ‘প্রায়ই বিভিন্ন কলেজ থেকে শিক্ষক-সংকটের কথা অধিদপ্তরকে জানানো হয়, কিন্তু আমরা শিক্ষক দিতে পারছি না। মানসম্মত শিক্ষার জন্য শূন্য পদগুলো দ্রুত পূরণ করা উচিত।’ সরকারি কলেজের শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব মাসুমে রব্বানী খান বলেন, শিক্ষক সমস্যার কারণে বিশেষ করে মফস্বলের কলেজগুলোতে পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ জন্য দ্রুত শূন্য পদগুলো পূরণ করতে হবে। পাশাপাশি আরও নতুন পদ সৃষ্টি করতে হবে।এ প্রসঙ্গে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কলেজগুলোতে কিছুদিন আগে (২৮তম বিসিএসের মাধ্যমে) বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হয়েছে। আরও শিক্ষক নিয়োগের জন্য সরকারি কর্মকমিশনের কাছে চাহিদা পাঠানো হয়েছে।’মাধ্যমিক বিদ্যালয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে মোট ১০ হাজার ৪৯৪টি। এর মধ্যে সহকারী শিক্ষকের নয় হাজার ৭৩২টি পদের মধ্যে দুই হাজার ১৮৯টি পদ শূন্য। অবশ্য বর্তমানে এক হাজার ৯৬৮ জন সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। আর ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২২৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী প্রধান শিক্ষকের ৪৪৬টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৩৮ জন, বাকি ৪০৮টি পদই শূন্য। এসব স্কুলে সহকারী শিক্ষকেরা চলতি দায়িত্ব পালন করছেন।সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইনছান আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা অবিলম্বে মাধ্যমিক বিদ্যালয়ের সব শূন্য পদ পূরণের জন্য সরকারের কাছে দাবি জানাই।’ মাধ্যমিকের শিক্ষক-সংকট প্রসঙ্গে শিক্ষাসচিব বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রায় দুই হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে।’প্রাথমিক বিদ্যালয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ৩৭ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে মোট দুই লাখ ২৫ হাজার ৮৮টি। এসব বিদ্যালয়ে এক হাজারের মতো প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ছয় হাজার ৬৬৯টি। চলতি বছরও প্রায় সাত হাজার শিক্ষক অবসর-পূর্ব ছুটিতে যাবেন। এ জন্য বিদ্যালয়গুলোতে শিক্ষকের স্বল্পতাজনিত সমস্যা আরও বাড়বে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৮ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক আছেন। সরকার শিক্ষকের সংখ্যা বাড়িয়ে প্রতি ৪০ শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক নিয়োগ দিতে চায়। এই লক্ষ্য পূরণে আরও ১০ হাজার নতুন শিক্ষক প্রয়োজন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। আবার সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করেছে, কিন্তু এর জন্য এখন পর্যন্ত আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এতে বর্তমানে কর্মরত শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়েছে। অবশ্য সরকার বলছে, প্রাক-প্রাথমিকের জন্য প্রতি বিদ্যালয়ে একজন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, প্রতিদিনই অনেক শিক্ষক অবসরে যাচ্ছেন। পাশাপাশি অনেক নারী শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে থাকেন। অসুখ-বিসুখসহ নানা কারণে আরও অনেকে ছুটিতে থাকেন। এ জন্য তাঁর মতে, প্রতিবছর দুবার শিক্ষক নিয়োগ দেওয়া উচিত। মন্ত্রী বলেন, শিক্ষকের সংকট মোকাবিলায় উপজেলা পর্যায়ে ‘শিক্ষক পুল’ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এই পুলের শিক্ষকদের দিয়ে সাময়িক সংকট কাটানো যাবে।পলিটেকনিক ইনস্টিটিউট: কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজস্ব খাত ও উন্নয়ন প্রকল্প মিলিয়ে বর্তমানে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে। এর মধ্যে ২০টি রাজস্ব খাতভুক্ত, বাকিগুলো উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।রাজস্ব খাতের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে আটটিতে অধ্যক্ষ ও ১৭টিতে উপাধ্যক্ষের পদ শূন্য। শিক্ষকদের মধ্যে জুনিয়র ইনস্ট্রাকটরের ৩৯৪টি পদের মধ্যে ১৩৩টি পদ শূন্য। ইনস্ট্রাকটরের ৪৪৫টি পদের মধ্যে শূন্য ১১৬টি এবং প্রধান ইনস্ট্রাকটরের ৯১টি পদের মধ্যে ২৮টি পদ শূন্য। অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উন্নয়ন প্রকল্পের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষকের সমস্যা আরও বেশি। কারণ, প্রকল্পের আওতাধীন হওয়ায় এখানকার শিক্ষকদের অনেকেই অন্য চাকরি পেলে চলে যান।