সরকারি শিশু পরিবারে ১৩৩ জন বাবুর্চি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৮৫টি শিশু পরিবারের জন্য ১৩৩ জন বাবুর্চি নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৪ মে এ নিয়োগ আদেশ জারি করে সরকার। এরপর বিভিন্ন শিশু পরিবারে বাবুর্চি নিয়োগ শুরু হয়।এর আগে শিশু পরিবারগুলোর জন্য অস্থায়ী রাজস্ব খাতে সৃষ্ট চতুর্থ শ্রেণীর ১৫৩টি বাবুর্চি পদে জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ চলতি বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রশাসনিক অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৫৩টি পদের মধ্যে বর্তমানে ১৩৩টি পদে নিয়োগ দেওয়া হলো। সরকারের ৮৫টি শিশু পরিবারের মধ্যে শুধু মেয়েদের জন্য আছে ৪১টি শিশু পরিবার। ছেলেদের জন্য আছে ৪৫টি। আর একটি আছে ছেলে ও মেয়ে উভয়ের জন্য। এখানে এতিম শিশুরা ছয় বছর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত থাকার সুযোগ পায়। কিন্তু এসব পরিবারে বাবুর্চি না থাকায় শিশুরা নিজেরাই রান্না করত।বর্তমান সরকার শিশু পরিবারের জন্য বাবুর্চির পদ সৃষ্টি করে। তবে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরও নির্দিষ্ট সময়ে পদগুলোতে সরকার নিয়োগ সম্পন্ন করতে পারেনি। অবশেষে ২২ ডিসেম্বরের মধ্যে বাবুর্চি পদে নিয়োগ ও যোগদান নিশ্চিত করার কথা বলা হয়।গত ২৭ মার্চ ‘প্রথম আলো’ পত্রিকায় ‘সরকারি শিশু পরিবার-তিন বছরেও বাবুর্চি নিয়োগ হয়নি, রান্না করছে শিশুরা!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।এর আগে চলতি বছরের মার্চ মাসে ‘প্রথম আলো’র পক্ষ থেকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শিশু পরিবারের শিশুদের দুর্ভোগের চিত্র। সেখানে রাত সাড়ে আটটায় বিদ্যুত্ চলে যাওয়ায় চার্জ লাইটের স্বল্প আলোর মধ্যেই কয়েকজন মেয়ে শিশু রাতের রান্নার কাজে ব্যস্ত। ভাত আর ডাল রান্না হয়েছে। শিম আর আলু দিয়ে সবজি রান্না চলছে। গরমে শিশুগুলো ঘেমে অস্থির। যারা রান্না করছে তাদের তুলনায় হাঁড়িপাতিলগুলো অনেক বড় বড়। কিন্তু রান্না করতেই হবে। কেননা রান্না শেষ হলে অন্য শিশুরা খাবে।ওই শিশু পরিবারের শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, একেক তলায় পালা করে চারজন করে শিশু তিন বেলা রান্না করে ৫০ জন শিশুর জন্য। তারা জানায়, তাদের সবচেয়ে সমস্যা হতো সকালের নাশতা বানাতে। নাস্তা বানানোর জন্য ভোর পাঁচটারও আগে ঘুম থেকে উঠতে হতো। ভোরে না উঠলে তারা স্কুলে যেতে পারত না। এ ছাড়া পরীক্ষার সময়ও রান্নার হাত থেকে রেহাই পেত না তারা। রান্না করতে গিয়ে ঠিকমতো পড়াটাও শেষ করতে পারত না। রান্না করতে কষ্ট হয়, ভালো লাগে না বলেও একবাক্যে জানায় শিশুরা। এ শিশু পরিবারে মোট ১০০ জন শিশুর বসবাস।বর্তমানে শ্রীমঙ্গল শিশু পরিবারে একজন বাবুর্চি নিয়োগ পেয়েছেন। এ পরিবারের উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আশিকুজ্জামান বলেন, দুজন বাবুর্চির নিয়োগ দেওয়া হয়েছিল। তবে একজন কাজে যোগ দেননি। এখন পরিবারের মেয়েরা সরাসরি রান্নার কাজ করছে না, তবে তদারকি ও সহায়তা করছে।সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার বলেন, বর্তমানে সব শিশু পরিবারে দুজন করে বাবুর্চি নিয়োগ দেওয়া সম্ভব না হলেও একজন বাবুর্চি নিশ্চিত করা সম্ভব হয়েছে। ১৭৫ আসনবিশিষ্ট ২৪টি শিশু পরিবারে দুজন বাবুর্চি ও অন্যগুলোতে একজন করে দায়িত্ব পালন করবেন। এতে করে শিশুদের ওপর থেকে রান্নার চাপ কমবে। জুলফিকার হায়দার বলেন, শিশু পরিবারে শিশুদের জন্য নির্দিষ্ট পরিমাণ খাবার রান্না করার কথা। বাবুর্চি সে পরিমাণ ঠিক রাখছে কি না বা খাবারের মান ঠিক থাকছে কি না, তা তদারক করছে পরিবারের বড় শিশুরা। অধিদপ্তর থেকে সব শিশু পরিবারে লিখিতভাবে শিশুদের যাতে কোনোভাবেই রান্নার কাজে সম্পৃক্ত করা না হয় সে নির্দেশনা দিচ্ছে বলেও জানান তিনি।