বাংলাদেশ শ্রম সংশোধন বিল-২০১০ গতকাল সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিলটি পাস হওয়ায় সরকারের বিভিন্ন করপোরেশনে কর্মরত শ্রমিকদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বেড়ে ৬০ বছর হলো।শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিলটি সংসদে উপস্থাপন করেন। বিলের ওপর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম একাধিক সংশোধনী দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে আইনটি পাস হয়।আইনটি পাসের যৌক্তিকতা তুলে ধরে শ্রমমন্ত্রী বলেন, পাবলিক করপোরেশন (ব্যবস্থাপনা সমন্বয়) অর্ডিন্যান্স ১৯৮৬ অনুসারে বিভিন্ন করপোরেশনে কর্মরত শ্রমিকদের অবসরের বয়সসীমা ৬০ বছর। কিন্তু ২০০৬ সালে প্রণীত শ্রম আইনের ২৮ ধারায় শ্রমিকদের অবসরের বয়সসীমা ৫৭ বছর থাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন করপোরেশনে কর্মরত শ্রমিকদের বয়স ৫৭ হলেই অবসরে যেতে হয়। ফলে শ্রমিকদের মধ্যে অবসরের বয়সসীমা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই জটিলতা নিরসনেই এ আইন করার প্রস্তাব করা হয়েছে।মন্ত্রী বলেন, সরকারি শ্রমিকদের কল্যাণের পাশাপাশি সরকার তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি কমিশন করেছে। মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই তা করা হয়েছে। আগামী মাসের মধ্যে তা ঘোষণা করা হবে। তৈরি পোশাকমালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিক পক্ষের সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকারকে বন্ধু মনে করে আলোচনা করলে তৈরি পোশাকসমস্যার সমাধান হয়ে যাবে।