সরকারি কলকারখানা ও বন্দর শ্রমিকদের চাকরির বয়সসীমা তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারি শ্রমিকেরা এখন ৫৭ বছরের পরিবর্তে ৬০ বছর বয়সে চাকরি থেকে অবসরে যাবেন। এর আগে শুধু করপোরেশন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকেরা ৬০ বছর বয়সে অবসরে যেতেন।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শ্রমিকদের চাকরির বয়সসীমা বাড়াতে বাংলাদেশ শ্রম আইন সংশোধনী, ২০১০ অনুমোদন করা হয়। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।প্রেস-সচিব বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী দেশের সব শ্রমিকের নিয়োগ, পদোন্নতি ও অবসর হয়ে থাকে। এই আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের বয়স ৫৭ হলে তাঁকে স্বাভাবিক অবসরে যেতে হয়। অন্যদিকে ‘দি পাবলিক করপোরেশন, ১৯৮৬’ অনুযায়ী শিল্প, বস্ত্র, পাট, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের অবসরের বয়সসীমা হচ্ছে ৬০ বছর। ফলে এই বৈষম্য নিরসন করতেই সরকারের সব শ্রমিকের অবসরের বয়সসীমা ৬০ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়।জমি হস্তান্তরে গ্রাম এলাকা করের আওতায়: অকৃষি জমি হস্তান্তরে গ্রাম এলাকায় শতকরা ১ ভাগ এবং শহর এলাকায় ২ ভাগ কর দিতে হবে। পৌরসভার বাইরে জমি হস্তান্তরের ক্ষেত্রে এক লাখ টাকার কম মূল্য দেখিয়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায়। কারণ, এক লাখ টাকা মূল্যের নিচে জমি হস্তান্তর করা হলে কর দিতে হয় না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জমির দাম যতই হোক ১ শতাংশ কর দিতে হবে। কর ফাঁকি রোধে এ ব্যবস্থা নেওয়া হয়। আগামী ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব জানিয়েছেন।আয়-ব্যয়ের সামঞ্জস্য দেখার নির্দেশ: প্রেস-সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রত্যেক মানুষের আয়-ব্যয়ের সামঞ্জস্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আয়ের সঙ্গে জীবনযাত্রা মিলিয়ে দেখা হলে অনেকাংশে দুর্নীতি দমন সম্ভব হবে, সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন হবে। আইন সংশোধন: বৈঠকে ক্যাডার-বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারি ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলি আইন, ২০০০-এর তফসিল দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এবং মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।