সরকারি সব শূন্য পদে নার্স নিয়োগের দাবি
নতুন পাঁচ হাজার সৃষ্ট পদসহ সব শূন্য পদে নার্স নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি দোয়েল চত্বর ঘুরে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজা হেনার সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির মহাসচিব আবুল ফজল বক্তব্য দেন।সমাবেশে জানানো হয়, ২০০৯ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে সব শূন্য পদে নিয়োগ প্রদানসহ আরও পাঁচ হাজার নতুন সৃষ্ট পদে ডিপ্লোমা পাস করা বেকার নার্সদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। কিন্তু চার বছরের বেশি সময় পার হলেও সে ঘোষণা বাস্তবায়িত হয়নি। তাই অবিলম্বে শূন্য পদগুলোতে নার্স নিয়োগের দাবি জানানো হয়।সমাবেশে বলা হয়, নার্সদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরবর্তী সময় অনির্দিষ্ট কালের জন্য অবস্থান ধর্মঘট ও অনশনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।