সরকারি সিদ্ধান্তের আগেই চিনির দাম বাড়াল ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েই চিনির দাম বাড়িয়ে দিয়েছেন বেসরকারি চিনি মিলমালিকেরা। লোকসানের কারণ দেখিয়ে তাঁরা বলেছেন, সরকার দাম ঠিক করে দিতে পারে না। ট্যারিফ কমিশন সূত্র জানায়, ১৯ সেপ্টেম্বর চিনি পরিশোধনকারী সমিতি ট্যারিফ কমিশনকে চিঠি দিয়ে জানায়, তারা মিলগেট থেকে ৬৪ টাকা আট পয়সা দরে চিনি বিক্রি শুরু করেছে। তবে পরিবেশকেরা বর্ধিত এ দরে চিনি সংগ্রহ করতে রাজি নন। তাঁরা বলছেন, এ দামে তাঁরা চিনি বিক্রি করতে পারবেন না।এর আগে ১৫ সেপ্টেম্বর চিনি পরিশোধনকারী সমিতি ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক করে প্রতি কেজি চিনির মিলগেটে দাম ৬৬ টাকার কিছু বেশি নির্ধারণের প্রস্তাব করে। চিনির আন্তর্জাতিক দরের সঙ্গে এ প্রস্তাব পর্যালোচনা করে কমিশন তিন দিন পর বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে চিনির মিলগেটের দর ৬৪ টাকা নির্ধারণের পক্ষে সুপারিশ করে। বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও মিলমালিকেরা নিজেরাই চিনির দর বাড়িয়ে দিয়েছেন। সূত্র জানায়, একেক মিলমালিক একেক দরের প্রস্তাব করেছেন। দেশবন্ধু সুগার মিল মিলগেটে তাদের চিনির দর ৭৩ টাকা ৯৩ পয়সা, মেঘনা ও সিটি গ্রুপ ৭০ এবং আবদুল মোনেম সুগার রিফাইনারি ৬৮ টাকা প্রস্তাব করেছে। রমজান মাসে সরকার মিলগেট থেকে চিনি বিক্রির দর নির্ধারণ করে দিয়েছিল ৬০ টাকা। আর পরিবেশক পর্যায়ে ৬২ ও খুচরা পর্যায়ে ৬৫ টাকা দর নির্ধারণ করা হয়। তাতেই ৮০ টাকা পর্যন্ত হয়েছিল চিনির কেজি। একপর্যায়ে তাও পাওয়া যায়নি। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এখন যদি মিলগেটেই চার টাকা দর বাড়ানো হয় তাহলে খুচরা পর্যায়ে সরকার-নির্ধারিত দাম ৭০ টাকার মতো হবে। আর খুচরা বিক্রি হবে আরও বেশি দরে। জানতে চাইলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চিনি পরিশোধনকারী সমিতির কাছ থেকে প্রস্তাব পেয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পর্যালোচনা করে একটি সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে, সেটা মন্ত্রণালয় ঠিক করবে।’ এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।বাজারদরের চেয়ে বেশি: রাজধানীর চিনির পাইকারি বাজার মৌলভীবাজারে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে পরিবেশকেরা ৬২ থেকে ৬৩ টাকা কেজি দরে খুচরা বিক্রেতাদের কাছে চিনি বিক্রি করছেন। তবে কিছু পরিবেশক ও পাইকারি ব্যবসায়ী ৬৪ টাকা করেও চিনি বিক্রি করছেন বলে জানা গেছে।ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর চাহিদা কম থাকায় বর্তমানে বাজারে চিনির কোনো সরবরাহ সংকট নেই। পর্যাপ্ত মজুদ আছে। আগের চিনিই বিক্রি করছেন পরিবেশকেরা। তা ছাড়া ভারত থেকেও প্রচুর চিনি আসছে।পরিবেশকদের অভিযোগ, মিলমালিকেরা পরিবেশকদের বলছেন, সরকার চিনির নতুন দর নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে মিলগেটে চিনি কিনতে হবে ৬৪ টাকা আট পয়সায়। সে কারণে পুরোনো চিনি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছেন পরিবেশকেরা। নতুন করে মিল থেকে চিনি আনছেন না তাঁরা।সরকার নির্ধারণের আগেই চিনির দাম বাড়ানোর মিলমালিকদের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা। প্রথম আলোকে তিনি বলেন, ‘বেসরকারি মিলমালিকদের “রামরাজত্ব” চলছে। তাঁরা যা চাইছেন, তা-ই হচ্ছে। তাঁরা যখন ইচ্ছে দাম বাড়ান, আর আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়। অথচ সরকার, সাধারণ মানুষ ও সাংবাদিকেরা সব দোষ দেন আমাদের।’গোলাম মাওলা বলেন, বেশি দামে মিল থেকে চিনি বিক্রি হওয়ায় পরিবেশকেরা এখন হতাশ। পাইকারিতে যেখানে এখন ৬২-৬৩ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে, সেখানে মিলগেট থেকে চিনির দর ৬৪ টাকা আট পয়সা নির্ধারণ করে দেওয়া মোটেও ঠিক হয়নি। পাইকারি চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘মিলমালিকেরা যে দামে চিনি দিতে চাইছেন, সেই দামে সংগ্রহ করে তা বিক্রি করা সম্ভব নয়। এখন হয় ওই চিনি কিনে আমাদের লোকসান দিতে হবে, নইলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।’ তিনি বলেন, বাজারে বর্তমানে চিনির যে মজুদ আছে তা শেষ হয়ে গেলে কী হবে, সে বিষয়ে সরকার ও মিলমালিকদের শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে। পাইকারি চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব বলেন, বর্তমান বাজারের চেয়ে বেশি দামে যদি মিলগেট থেকে বিক্রি হয়, তাহলে সেই চিনি কেউ কিনবে না। বাধ্য হয়ে মিলমালিকেরা দাম কমিয়ে দেবেন। বেশ কয়েকজন পরিবেশক বলেছেন, মিলমালিকেরা এখন মিলগেটের যে দর ঠিক করে দিয়েছেন, সে দামে পরিবেশকেরা চিনি সংগ্রহ করতে রাজি নন। কারণ হিসেবে তাঁরা বলছেন, এত বেশি দামে তাঁরা চিনি বিক্রি করতে পারবেন না।একতরফা দাম বাড়ানোর সুযোগ নেই: পরিবেশক প্রথা অনুযায়ী, এভাবে একতরফা দাম বাড়ানোর ক্ষমতা মিলমালিক ও ব্যবসায়ীদের নেই। পরিবেশক প্রথা আইনের ৯ ধারায় বলা হয়েছে, উৎপাদক, পরিশোধক বা আমদানিকারক অত্যাবশ্যকীয় পণ্যের দাম যৌক্তিকভাবে কমানো-বাড়ানো কিংবা পুনর্নির্ধারণ করতে চাইলে সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ী সমিতির মাধ্যমে ১৫ দিন আগে তা সরকারের তদারকি সেল, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে।আইনের এ ধারাটি মানেনি চিনি পরিশোধনকারী সমিতি। ট্যারিফ কমিশনে প্রস্তাব দিয়েই বর্ধিত দামে চিনি বিক্রি শুরু করেছে পরিশোধনকারী মিলগুলো। জানতে চাইলে আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোনেম প্রথম আলোকে বলেন, ‘রমজানে কম দামে চিনি বিক্রি করে প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। ওই লোকসান কাটিয়ে উঠতে এখন সরকারের সহায়তা প্রয়োজন, যাতে লোকসান কিছুটা পোষানো যায়। সরকারের কাছ থেকে সহায়তা না পেলে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে।’মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘বাজার বেঁধে রাখা সম্ভব নয়। আগে আমরা কম দামে চিনি বিক্রি করেছি। কিন্তু এখন উৎপাদন খরচের সঙ্গে মিলিয়ে নতুন দর নির্ধারণের জন্য ট্যারিফ কমিশনকে চিঠি দিয়েছি। মিলগেটের দর ৬৪ টাকা নির্ধারণের প্রস্তাব করেছি আমরা।’দর নির্ধারণের আগেই কীভাবে সেই দরে চিনি বিক্রি হচ্ছে, জানতে চাইলে মোস্তফা কামাল বলেন, ‘সরকারি গেজেট অনুযায়ী আমদানিকৃত মূল্যের সঙ্গে সমন্বয় করে মিলাররা মূল্য নির্ধারণ করবেন। সরকার কেবল পুরো কাজটির তদারকি করবে।’