সরকারি সেতু হয়ে গেল ‘পারিবারিক’
গ্রামবাসীর জন্য সেতুটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু সেতুটি দিয়ে চলাচল করে একটিমাত্র পরিবারের লোকজন। প্রায় দেড় বছর আগে সেতুর এক প্রান্তে লোহার ফটক নির্মাণ করা হয়েছে। ফটক রাখা হয় তালাবদ্ধ। ফটক-সংলগ্ন বাড়ির লোকজন নিজেদের প্রয়োজনে তালা খুলে সেতুটি ব্যবহার করে।ফটক থাকা সেতুটি রয়েছে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শুলাকুড়া গ্রামে। বিল গাজনার ওপর নির্মিত এ সেতু গ্রামটিকে সংযুক্ত করেছে নাজিরগঞ্জ-কাশীনাথপুর সড়কের সঙ্গে। সেতুর শেষ প্রান্তে ফটক-সংলগ্ন বাড়িটি এলজিইডির প্রধান কার্যালয়ের উচ্চমান সহকারী (ইউডি) মো. নজরুল ইসলামের। ফটক লাগিয়ে একটি পরিবার সেতুটি ব্যবহার করায় গ্রামবাসীর কাছে এর পরিচিতি ‘পারিবারিক সেতু’ নামে। কেউ কেউ বলেন ‘ব্যক্তিগত সেতু’। এ সেতুর ১০০-১২০ ফুট দূরে কয়েক মাস পর নির্মিত অপেক্ষাকৃত ছোট একটি সেতু দিয়ে চলাচল করে গ্রামের বাকি মানুষ।শুলাকুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, বিল গাজনায় বর্তমানে যেখানে ছোট সেতু রয়েছে, সেখানে একটি সেতু নির্মাণের। এলজিইডির সুজানগর কার্যালয় সূত্র জানায়, ২০০৪ সালের শুরুর দিকে বিএনপিদলীয় স্থানীয় তৎকালীন সাংসদ সেলিম রেজা হাবিবের সুপারিশে এলজিইডি বিল গাজনার ওপর ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি বক্স কালভার্ট (সেতু) নির্মাণ করে। এতে ব্যয় হয় ১৭ লাখ টাকা।গ্রামবাসী অভিযোগ করেন, সেতুর স্থান নির্ধারণে তাঁদের দাবি উপেক্ষা করা হয়। ওই গ্রামের বাসিন্দা ও ঢাকায় এলজিইডি প্রধান কার্যালয়ের উচ্চমান সহকারী নজরুল ইসলাম তাঁর বাড়ির সামনে সেতুটি নির্মাণের জন্য তদবির করেন। তিনি দাপ্তরিক ও বিএনপি-সমর্থক হওয়ায় দলীয় প্রভাব খাটান। কিন্তু গ্রামবাসীর দাবি ও প্রতিবাদ উপেক্ষা করে নজরুল ইসলামের বাড়ির সামনেই সেতুটি নির্মাণ করা হয়। এতে শুরুতেই সেতুর পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হয় গ্রামের মানুষ। পরে সেলিম রেজা হাবিবের সুপারিশেই এলজিইডি ওই বছরের শেষ দিকে গ্রামবাসীর দাবি করা স্থানে ছোট একটি সেতু নির্মাণ করে। ১৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ওই সেতু নির্মাণে ব্যয় হয় ১০ লাখ টাকা।গ্রামবাসী জানান, বছর দেড়েক আগে নজরুল ইসলাম বড় সেতুটিতে তাঁর বাড়ির দিকের প্রান্তে লোহার ফটক নির্মাণ করেন। ফটক সার্বক্ষণিক তালাবদ্ধ রেখে সেতুতে জনগণের চলাচলও বন্ধ করা হয়। বর্তমানে সেতু দিয়ে নজরুলের পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ চলাচল করতে পারে না। এ কারণে গ্রামবাসী সেতুটির নাম দিয়েছে ‘পারিবারিক সেতু’।শুলাকুড়া গ্রামের বাসিন্দা সাহেব আলী বলেন, ওই স্থানে বড় সেতুটি তৈরির সময় গ্রামবাসী বাধা দিয়েছিল, কিন্তু কাজ হয়নি। নজরুল ইসলাম বিএনপির সমর্থক হওয়ায় তৎকালীন সাংসদ সেলিম রেজা তাঁর পক্ষেই সুপারিশ করেন। ফলে শেষ পর্যন্ত সেতুটি নজরুলের বাড়ির সামনেই হয়।গত ১৯ জুলাই সকালে শুলাকুড়া গ্রামে গিয়ে দেখা যায়, বিলের ওপর ১০০-১২০ ফুট দূরত্বে দুটি সেতু। একটি বড়, অন্যটি ছোট। ছোট সেতু দিয়ে লোকজন চলাচল করছে। বড় সেতু দিয়ে বিল পার হলে শেষ প্রান্তে পড়ে ওই লোহার ফটক। ফটকের দুই পাশে পিলারের ওপর নিরাপত্তা-বাতি। ফটকের পরই একটি বাড়ি। সেতু দিয়ে কিছুদূর যেতেই সেখানে ধান শুকাতে ব্যস্ত এক বৃদ্ধা বিভিন্ন প্রশ্ন করেন। পরে তিনি বলেন, ‘আমি নজরুলের মা। বাড়িডা আমাগের। ছেলেরা কেউ বাড়িত নাই।’নজরুল ইসলামের প্রতিবেশী তাজউদ্দিন বলেন, ‘নজরুল সম্পর্কে আমার চাচাতো ভাই। কিন্তু আমার পরিবারের সদস্যরাও বড় সেতু দিয়ে চলাচল করতে পারে না। শুরু থেকেই নজরুলের পরিবার সেতুটিকে পারিবারিক হিসেবে ব্যবহার করছে। আমরা পাশের ছোট সেতু দিয়ে চলাচল করি।’সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব বড় সেতু প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘জনপ্রতিনিধিদের কাছে অনেকেই নানা ধরনের সুপারিশ নিয়ে আসে। তবে এ সেতুর ব্যাপারে আমার সুপারিশ ছিল কি না, এ মুহূর্তে মনে পড়ছে না। যত দূর মনে পড়ে, যাঁর বাড়ির সামনে সেতু, তিনি এলজিইডিতে চাকরি করেন। এ ক্ষেত্রে তাঁর দাপ্তরিক সুপারিশেও কাজটি হতে পারে।’হাটখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হবিবর রহমান বলেন, সরকারি সম্পদ এভাবে দখল করাটা দৃষ্টিকটু। গ্রামের মানুষও এতে নাখোশ। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় কেউ কিছু বলে না। ওই সেতুর পাশে আরেকটি ছোট সেতু করায় গ্রামের মানুষের চলাচলে আর কোনো সমস্যা নেই।সেতুতে ফটক বানিয়ে তা তালাবদ্ধ রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সেতু তৈরি করা হয় জনগণের সুবিধার জন্য। সেই সেতু দখল করে কেউ যদি লোহার ফটক লাগিয়ে তালা ঝোলায়, তাহলে তা অবৈধ। তিনি এটা করতে পারেন না। তবে এমন কোনো ঘটনা আমার জানা নেই। যদি সত্যিই এমনটি হয়ে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ফটকের বিষয়ে জানতে চাইলে এলজিইডি প্রধান কার্যালয়ের উচ্চমান সহকারী নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রামটি সন্ত্রাসকবলিত। তাই পরিবারের নিরাপত্তার জন্য সেতুতে ফটক লাগানো হয়েছে। তবে সেতু দিয়ে জনগণের চলাচল নিষিদ্ধ করা হয়নি। একসময় গ্রামের লোকজন এ সেতু দিয়েই চলাচল করত। আরেকটি সেতু তৈরি হওয়ায় এখন এমনিতেই জনগণের চলাচল কমে গেছে।