সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার সিদ্ধান্ত হয়েছে, প্রথম শ্রেণীতে আর ভর্তি পরীক্ষা নয়। নতুন শিক্ষাবর্ষ থেকে উন্মুক্ত লটারির মাধ্যমেই রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে শিশুদের ভর্তি করা হবে।তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আগের নিয়মেই লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসরকারি বিদ্যালয়গুলো ভর্তির বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নেবে।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরা প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারির পক্ষে মত দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিশুদের ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, কোমলমতি শিশুদের মানসিক চাপ থেকে রক্ষা করা এবং প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং ও নোট-গাইডের দৌরাত্ম্য বন্ধ করতে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ও দুর্নীতিমুক্ত উপায়ে প্রথম শ্রেণীতে শিশুদের ভর্তি করা হবে।গতকালের সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরের সরকারি ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে কাল বুধবার থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হবে। সরাসরি ও অনলাইনে ফরম বিতরণ এবং জমা নেওয়া চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এসব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত আছে ১৩টিতে। এই বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা হবে না। এ ছাড়া দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম শ্রেণী থাকা বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিশুদের ভর্তির নির্দেশ দেওয়া হবে।সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছে ভাগ করা হবে। এসব বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে সংগ্রহ ও পূরণ করে জমা দিতে হবে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুরা আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে জন্মনিবন্ধন সনদ অবশ্যই জমা দিতে হবে। তিনটি গুচ্ছে যথাক্রমে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর। ১ জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ঢাকা মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ঢাকার ১৩টি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে মোট আসন আছে দেড় হাজার। আর ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে মোট আসনসংখ্যা ছয় হাজার ৫১। এর মধ্যে দ্বিতীয় শ্রেণীতে ৪০৮, তৃতীয় শ্রেণীতে এক হাজার ৪১৮, চতুর্থ শ্রেণীতে ৬৬২, পঞ্চম শ্রেণীতে ৪৮২, ষষ্ঠ শ্রেণীতে এক হাজার ৭১৯, সপ্তম শ্রেণীতে ৩৭১, অষ্টম শ্রেণীতে ৩৯৫ ও নবম শ্রেণীতে ৫৯৬টি আসন খালি আছে।