সরকারি স্বাস্থ্যসেবায় চক্রবাঁক: চিকিৎসক সংকট কাটিয়ে এখন ওষুধসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জকিগঞ্জ পৌর শহরে চিকিৎসাসেবার একমাত্র কেন্দ্র হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি স্বাস্থ্যসেবায় চক্রবাঁকের মতো একটি সংকট রয়েছে। এ সংকট কখনো চিকিৎসকের আবার কখনো ওষুধের। চিকিৎসকের সংকট কাটিয়ে এখন ওষুধসংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের নয়টি চিকিৎসক পদের বিপরীতে তিনটি পদ শূন্য রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যানেসথেটিস্ট, সেবিকাসহ অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এক্স-রে মেশিন নষ্ট থাকায় নির্দিষ্ট কক্ষটি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় রয়েছে।গত ৩০ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, বাথরুমে পানি না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালের মেঝেজুড়ে ময়লা-আবর্জনায় স্তূপ হয়ে আছে। এদিক-ওদিক বেশ কয়েকটি বিড়াল ঘোরাঘুরি করতে দেখা গেছে। রোগীদের আত্মীয়স্বজনেরা সিটে বসেই সিগারেট খাচ্ছেন আর উচ্চস্বরে কথা বলছেন। দুজন সেবিকা ও একজন আয়া সেবিকা কক্ষে বসে পান চিবিয়ে চিবিয়ে গল্পগুজব করছেন। হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে অধিকাংশ বেড খালি পড়ে থাকতে দেখা গেছে। হাসপাতালে হাইলপুর এলাকার ফাতেমা বেগমের সঙ্গে কথা হয়। তিনি জানান, শ্বাসকষ্টের সমস্যায় তাঁর বাবাকে দুদিন আগে এ হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু ভর্তি হওয়ার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়—সংশ্লিষ্ট চিকিৎসক ছুটি নিয়ে বাইরে আছেন এবং তিনি এলে চিকিৎসা হবে। দুদিন অপেক্ষা করার পরও চিকিৎসক না আসায় তাঁরা সিলেট যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।রোগীরা অভিযোগ করেন, হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, তা খুবই নিম্নমানের। এ ছাড়া প্যারাসিটামল, খাবার স্যালাইনসহ টুকটাক কিছু ওষুধ ছাড়া আর কোনো কিছুই সরবরাহ করা হয় না। ফলে বাধ্য হয়েই বাইর থেকে ওষুধ কিনে আনতে হচ্ছে।সার্বিক বিষয়ে কথা বলতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের সঙ্গে কথা বলতে তাঁর দপ্তরে গেলে জানানো হয়, তিনি ছুটিতে আছেন। এ সময় কথা হয় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুব্রত কুমার পালের সঙ্গে। তিনি বলেন, ‘ওষুধের কোনো সংকট নেই। আগে চিকিৎসক-সেবিকা-কর্মচারীসংকট থাকলেও এখন অনেকটাই কাটিয়ে উঠেছে। বাথরুমে পানির লাইন শিগগিরই মেরামত করা হবে। আর খালি বেড থাকার বিষয়টি ঠিক নয়। সকালে কিছু রোগী চলে যাওয়ায় সিটগুলো খালি পড়ে রয়েছে। বিকেলে দেখবেন সিটগুলোতে ঠিকই রোগী ভর্তি হয়েছে।’ অন্যদিকে পৌরসভায় ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ’ নামে একটি শাখা থাকলেও এ শাখায় পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। ফলে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। এ ব্যাপারে পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর রেহেনা বেগম বলেন, ‘শুধু বাৎসরিক একটা চক্ষুশিবির ছাড়া পৌরবাসীর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের কাজ পৌরসভা করছে না। তবে পশুদের রোগবালাইয়ের চিকিৎসা যেমন—ভ্যাকসিন ও সম্প্রতি অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার কাজ হচ্ছে। এগুলোর বাইরে আপাতত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো প্রকল্প আমরা হাতে নিচ্ছি না।’