সরকারি হওয়ার আগেই ৮০ লাখ টাকার নিয়োগ-বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজটি সরকারীকরণের বিষয়ে সিদ্ধান্তই হয়নি। অথচ কলেজ কর্তৃপক্ষ এমন খবর প্রচার করে গত এক বছরে ৪৫ জন শিক্ষক ও ১৫ জন কর্মচারী নিয়োগ দিয়েছে। কলেজটির উন্নয়নের কথা বলে কর্তৃপক্ষ প্রার্থীদের কাছ থেকে ‘ডোনেশন’ হিসেবে নিয়েছে প্রায় ৮০ লাখ টাকা।অনুসন্ধানে জানা যায়, ওই টাকা রূপালী ব্যাংকের খালিশপুর বাজার শাখায় দুটি হিসাবে রাখা হয়েছে। একটি হিসাব কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মমতাজ উদ্দিন ওরফে শান্তি মিয়ার নামে (চলতি হিসাব নম্বর ২৩৮) এবং অপরটি অধ্যক্ষ রফি উদ্দিন, কলেজ পরিচালনা পরিষদের দুই সদস্য সাচ্চু রহমান ও এনামুল হকের যৌথ নামে (চলতি হিসাব নম্বর ৬১৫)। সাচ্চু রহমান স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের শ্যালক।নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, টাকার বিনিময়ে তাঁরা নামমাত্র নিয়োগ পেয়েছেন, বেতন-ভাতা পান না। এ কারণে ক্লাসে যাওয়ার আগ্রহ নেই। তবে তাঁদের আশা, কলেজটি সরকারি হলে তাঁরা বেতন পাবেন অথবা অন্য সরকারি কলেজে বদলি হবেন।শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কেবল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও হামিদুর রহমানের নামে দুটি কলেজ সরকারীকরণের বিষয়ে একটি ফাইল তৈরি হয়েছিল। মন্ত্রণালয়ের নীতিনির্ধারক পর্যায় থেকে সেটি আবার স্থগিত রাখা হয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো বেসরকারি কলেজ সরকারীকরণের সম্ভাবনা কম বলে তিনি উল্লেখ করেন।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, বেসরকারি কলেজ সরকারীকরণের সিদ্ধান্ত হয়নি। তবে কয়েকটি কলেজ সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে। হামিদুর রহমান ডিগ্রি কলেজ সরকারীকরণের খবর প্রচার করে শিক্ষক নিয়োগের বিষয়ে সচিব বলেন, জনবল কাঠামো ও নীতমালার বাইরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বৈধ হওয়ার সুযোগ নেই।নিয়োগে হিড়িক ও বাণিজ্য: কলেজের অধ্যক্ষ রফি উদ্দিন বলেন, ‘সরকার বীরশ্রেষ্ঠদের নামে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারীকরণের উদ্যোগ নেয়। এ ব্যাপারে ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছ থেকে তথ্য চেয়েছে। এরপর পরিচালনা কমিটি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়।’কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এসব নিয়োগে মোটা অঙ্কের অর্থবাণিজ্য হয়েছে। ব্যক্তি পর্যায়ের লেনদেন ছাড়াও মমতাজ উদ্দিনের ব্যাংক হিসাবে প্রায় ৪৫ লাখ টাকা এবং তিনজনের যৌথ হিসাবে প্রায় ৩৫ লাখ টাকা জমা হয়েছে। অধ্যক্ষ রফি উদ্দিন ও মমতাজ উদ্দিন দুজনেই নিয়োগপ্রার্থীদের কাছ থেকে এই টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন।জানা যায়, নিয়োগ-বাণিজ্যের পাশাপাশি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ শফিকুল তাঁর আপন দুই বোন, চাচাতো বোন, শ্যালিকা ও বোনের দেবরকে কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। এমনকি অন্য কলেজে চাকরি করলেও সরকারি শিক্ষক হওয়ার আশায় কয়েকজন হামিদুর রহমান কলেজে নিয়োগ পেয়েছেন। এঁরা হলেন জীবননগর মহিলা কলেজের তৈহিদুল ইসলাম, চৌগাছা ডিগ্রি কলেজের জাহাঙ্গীর আলম, যাদবপুর কলেজের শামিম হোসেন প্রমুখ।ডিগ্রি কলেজের জনবল কাঠামো: জনবল কাঠামো অনুযায়ী ডিগ্রি কলেজে মোট ২৪ জন শিক্ষক-কর্মচারী থাকতে পারেন। তবে ঐচ্ছিক বিষয়ের সংখ্যা বেশি হলে শিক্ষকের সংখ্যা বাড়তে পারে। কিন্তু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজে ৪০০ শিক্ষার্থীর জন্য এখন ৬৪ জন শিক্ষক ও ২০ জন কর্মচারী রয়েছেন।কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামোর বাইরে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিলে তাঁরা এমপিওভুক্ত হবেন না। শুধু প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পাবেন। এই নিয়মের মারপ্যাঁচে কলেজ কর্তৃপক্ষ ৪৫ জন নতুন শিক্ষক ও ১৫ জন নতুন কর্মচারী নিয়োগ দেয়। এর মধ্যে ডিগ্রি পর্যায়ে ২৫ জনকে তৃতীয় শিক্ষক এবং দুজনকে চতুর্থ শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলেও তাঁরা কলেজ থেকে বেতন-ভাতা পাচ্ছেন না।অধ্যক্ষ ও সভাপতির বক্তব্য: পরিচালনা পর্ষদের সদস্য মমতাজ উদ্দিন বলেন, ‘আমার হিসাবে জমা হওয়া প্রায় ৪৫ লাখ টাকা অধ্যক্ষের কাছে জমা দিয়েছি।’অধ্যক্ষ রফি উদ্দিন বলেন, ‘কলেজের উন্নয়নের জন্য আমরা কিছু টাকা নিয়েছি। আমাদের যৌথ হিসাবে এ পর্যন্ত ৩৫ লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে কিছু টাকা খরচ হয়েছে, এখন ২৮ লাখ টাকা আছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই ডোনেশন দিয়ে ঢুকেছেন, এটা ঠিক নয়।’ অতিরিক্ত শিক্ষক-কর্মচারী নিয়োগের ব্যাপারে অধ্যক্ষ বলেন, ‘ডিগ্রি কোর্স চালু করায় এবং বেকার ছেলেদের কর্মসংস্থানের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি হলে তাঁরা বেতন পাবেন, নইলে পাবেন না। তাঁদের এটা বলেই নিয়োগ দেওয়া হয়েছে।’কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংসদ শফিকুল আজম খান প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘কলেজে বেশ কিছু বিষয়ে ডিগ্রি কোর্স চালু হয়েছে। এ কারণে যথাযথভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো অনুদান নেওয়া হয়নি বা অর্থবাণিজ্য হয়নি।’ নিজ আত্মীয়স্বজন নিয়োগের ব্যাপারে সভাপতি বলেন, ‘তাঁরা সব যোগ্যতা পূরণ করতে পেরেছেন বলেই চাকরি পেয়েছেন। কোনো স্বজনপ্রীতি বা অনিয়ম হয়নি।’উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজটি মহেশপুরের খোর্দ্দ-খালিশপুরে ১৯৯৯ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। সে সময় কলেজটিতে ১৯ জন শিক্ষক আর পাঁচজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। ২০০৭ সালের ২৭ নভেম্বর কলেজটি বিশেষ বিবেচনায় এমপিওভুক্ত হয়।