সরকারি হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারীকরণের কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে ১৭ জুন সিলেট এলাকার এক হাজার ৩৬৩টি বিদ্যালয় অধিগ্রহণ করে সরকারি করার পর, আজ বৃহস্পতিবার খুলনা বিভাগের তিন হাজার ৪৪৯টি বিদ্যালয় অধিগ্রহণ করা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে বিভাগওয়ারি এমপিওভুক্ত ২২ হাজার ৯৮৩টি বিদ্যালয় সরকারি করা হবে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আকতার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা আশা করছি খুব শিগগির সরকার ঘোষিত সব বিদ্যালয় অধিগ্রহণের কাজ শেষ করতে পারব। এরপর শিক্ষকদের সরকারীকরণের কাজ করা হবে।’ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যালয়গুলো অধিগ্রহণের পর সরকারি বিধি অনুযায়ী শিক্ষক-শিক্ষিকার পদ সৃষ্টি করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিক্ষকদের সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে। আগস্টের মধ্যে এই কাজ শেষ হবে বলে তাঁরা আশা প্রকাশ করছেন।গত ৯ জানুয়ারি রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে শিক্ষকদের মহাসমাবেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘোষণা অনুযায়ী দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হচ্ছে। এর মধ্য দিয়ে এসব বিদ্যালয়ে কর্মরত এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষক সরকারি শিক্ষক হচ্ছেন। জাতীয়করণের সিদ্ধান্ত তিন স্তরে কার্যকর হবে। এর মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত বিদ্যালয়গুলো, ১ জুলাই থেকে স্থায়ী-অস্থায়ী নিবন্ধনপ্রাপ্ত, পাঠদানের অনুমতিপ্রাপ্ত কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও পরিচালিত দুই হাজার ২৫২টি বিদ্যালয় এবং তৃতীয় স্তরে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত ও পাঠদানের অনুমতির অপেক্ষাধীন ৯৬০টি বিদ্যালয় জাতীয়করণ হবে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর উপজেলা, জেলা কমিটি ও কেন্দ্রীয় টাস্কফোর্সের মাধ্যমে সারা দেশের বিদ্যালয়গুলো যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ের পুরো তথ্য পাওয়ার পর এখন বিদ্যালয়গুলো অধিগ্রহণ করা হচ্ছে।