সরকারি হাসপাতালে চারটি শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ
গতকাল শুক্রবার রাজধানীর মাতুয়াইলের সরকারি শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে অবহেলায় চারটি শিশুর মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে তাদের মৃত্যুর জন্য হাসপাতালে অক্সিজেনের অভাব এবং চিকিৎসক ও কর্মীদের অবহেলার কথা বলা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, ১০ মাস বয়সী মাসুমকে জন্মগত হূদরোগ নিয়ে ভর্তি করা হয়েছিল। গতকাল সকালে সে মারা যায়। তিন মাস বয়সী হাসান গত ৩০ মার্চ নিউমোনিয়া ও জন্মগত হূদরোগ নিয়ে ভর্তি হয়েছিল। এ শিশুটির মৃত্যু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে।সকাল সাড়ে সাতটার দিকে মারা যায় আরেকটি শিশু। কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা পাঁচ দিন বয়সী এ নবজাতকটিকে ২৯ মার্চ ভর্তি করা হয়েছিল। শিশুটির মা তাকে প্রসবের সময় মারা গেছেন। এ ছাড়া দুই দিন বয়সী আরেকটি শিশু মারা গেছে, যার মায়ের নাম তাসলিমা। ১ মার্চ নবজাতকটিকে ভর্তি করা হয়েছিল। গতকাল সকাল আটটা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। এসব শিশুর পরিবারের কয়েকজন সদস্য অভিযোগ করেন, প্রয়োজনের সময় হাসপাতাল থেকে অক্সিজেন দেওয়া হয়নি। অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ হওয়ার পরও চিকিৎসকদের পাওয়া যায়নি।তবে অক্সিজেনস্বল্পতা ও কর্তব্যে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শাহনেওয়াজ বিন তবিব। তিনি প্রথম আলোকে বলেন, ‘অক্সিজেনের অভাব ছিল না। চিকিৎসক ও নার্সরাও কর্তব্যে অবহেলা করেননি। নিউমোনিয়া, হূদরোগ ও কম ওজন নিয়ে জন্মানো শিশু এমনিতেই ঝুঁকিতে থাকে।’ হাসপাতালের চিকিৎসক নাহরুমা আইভি হায়দার প্রথম আলোকে বলেন, অসুস্থ থাকার কারণেই দুটি শিশু মারা গেছে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, ওই হাসপাতালটিতে পরপর তিনটি শিশুর মৃত্যুর পর উত্তেজনা তৈরি হওয়ার কথা জেনে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।হাসপাতালে কর্তব্য পালনে যাওয়া উপপরিদর্শক নিযূস রায় প্রথম আলোকে জানান, উত্তেজনা তৈরি হতে পারে এমন আশঙ্কায় তাঁরা হাসপাতালে অবস্থান নিয়েছেন। তবে সবকিছু স্বাভাবিকভাবে চলছে এবং কেউ তাঁদের কাছে কোনো অভিযোগও করেননি।