সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে অপ্রয়োজনীয় ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রতিবছরের মতো এবারও আশ্বিন-কার্তিক মাসে পাগলা কুকুরের উপদ্রব দেখা দেয়। এক দিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয় ১০ জনের বেশি। এদের মধ্যে দুটি শিশু। মাথায় কুকুরে কামড় দেওয়া শিশু দুটিকে নিয়ে বাবা-মা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু প্রয়োজনীয় ওষুধ মিলল না। চিকিৎসক ইনজেকশন লিখে দিলেন ঠিকই, কিন্তু আক্রান্ত শিশু দুটির পরিবার অর্থাভাবে তা কিনতে পারেনি। মা-বাবার চোখের সামনে শিশু দুটি মারা যায়।খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের কোনো সরকারি হাসপাতালে জলাতঙ্কের ওষুধ নেই। তবে ম্যালেরিয়া চিকিৎসার কুইনাইন হাইড্রোক্লোরাইড ইনজেকশন, ক্লোরোকুইন ট্যাবলেট, প্রিমাকুইন ও ক্লোরোকুইন সিরাপ প্রচুর মজুদ আছে। সদর হাসপাতালের পরিসংখ্যানবিদ জানান, গত পাঁচ বছরে এই হাসপাতালে কোনো ম্যালেরিয়া রোগী আসেনি।সরকারের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) ঠাকুরগাঁও জেলা হাসপাতালে জলাতঙ্কের ওষুধ না পাঠালেও ম্যালেরিয়ার ওষুধের মতো নানা অপ্রয়োজনীয় ওষুধ পাঠায়। অপ্রয়োজনীয় সেসব ওষুধ হাসপাতাল কর্তৃপক্ষ ফেরতও পাঠিয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি ২০টি জেলার সিভিল সার্জনরা অপ্রয়োজনীয় ওষুধ ফেরত পাঠিয়েছেন। একটি জেলা পাঠিয়েছে ১৫ লাখ টাকার ওষুধ।সিএমএসডি সরকারের এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) তৈরি করা ২৭-২৮ ধরনের ওষুধ এবং বেসরকারি প্রতিষ্ঠানের ৮০ থেকে ৯০ ধরনের ওষুধ কিনে সরকারি হাসপাতালে সরবরাহ করে। অভিযোগ উঠেছে, সিএমএসডি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম প্রয়োজনীয় ওষুধ কিনে জেলা হাসপাতালে চাপিয়ে দিচ্ছে।এ ব্যাপারে সিএমএসডির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মাসুদ হুসেইন প্রথম আলোকে বলেন, লাখ দুয়েক টাকার ওষুধ ফেরত এসেছে। কিন্তু কেন চাহিদার অতিরিক্ত কিংবা কম প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে পাঠানো হলো, সে সম্পর্কে তিনি মন্তব্য করতে চাননি।২০ জেলা থেকে ওষুধ ফেরত: ২০০৯-১০ অর্থবছরে সিভিল সার্জনদের চাহিদার ভিত্তিতে সিএমএসডি গত বছরের ২৩ ডিসেম্বর দেশের সব জেলা হাসপাতালে ওষুধ পাঠায়। বেসরকারি প্রতিষ্ঠানগুলো ওষুধ বুঝিয়ে দেওয়ার সময় দেখা যায়, চাহিদাপত্রের বাইরে অনেক ওষুধ আছে। এর বেশির ভাগই অবেদন করার ওষুধ।পঞ্চগড়, বগুড়া, চট্টগ্রাম, পটুয়াখালী, ঠাকুরগাঁও, কুমিল্লা, রংপুর, নীলফামারী, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, রাঙামাটি, ঢাকা, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, নোয়াখালী, নরসিংদী ও মাদারীপুর—এই ২০টি জেলার সিভিল সার্জনরা অপ্রয়োজনীয় ওষুধ সিএমএসডি বরাবর ফেরত পাঠিয়ে দেন। শুধু সুনামগঞ্জ জেলা থেকেই ১৫ লাখ টাকার ওষুধ ফেরত আসে।মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সিএমএসডি ক্রয় নীতিমালা না মেনে ওষুধ কিনে হাসপাতালগুলোতে পাঠিয়েছে।অন্যদিকে ওষুধ ফেরত পাঠানোর ঘটনায় জানুয়ারির মাঝামাঝিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আলাদাভাবে দুটো তদন্ত কমিটি গঠন করে।মন্ত্রণালয় ও অধিদপ্তরকে লেখা চিঠিতে জেলার সিভিল সার্জনরা বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ না পাঠানোর জন্য টেলিফোনে সিএমএসডির সঙ্গে কথা বলেও তাদের নিবৃত্ত করা যায়নি। সর্বশেষ ৮ মার্চ পটুয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ চাহিদাপত্রের বাইরে উপকরণ না পাঠাতে বিশেষভাবে অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়।ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি: ৭ মার্চ, সোমবার। ১০০ শয্যার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল। বহির্বিভাগের কোনো রোগীকে খালি হাতে ফিরতে হচ্ছে না। তাদের হাতে প্যারাসিটামল, হিস্টাসিন বা অ্যান্টাসিড। অন্য প্রয়োজনীয় ওষুধ হাসপাতালের সামনের দোকান থেকে কিনতে দেখা গেল।বালিয়াডাঙ্গী দুয়োসুয়ো ইউনিয়ন সাব সেন্টারে পরিবারকল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) রেহানা চৌধুরী জানান, মাসের ১৩ তারিখ তাঁদের হাতে ২৬ ধরনের ওষুধ আসে। সপ্তাহ খানেক রোগীদের নির্দেশিকা দেখে ওষুধ দেন। মাসের শেষের দিকে আর সম্ভব হয় না। দেখা গেল জ্বরে গা পুড়ে যাচ্ছে, এমন দুটি শিশুকে এক বোতল সিরাপ দুই ভাগ করে দিলেন রেহানা।বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা একাধিক রোগীর স্বজনেরা বলেন, প্রতিটি ওষুধ বাইরে থেকে কিনতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক রুহুল আমিন জানান, ৩১ শয্যার হাসপাতালে শতাধিক রোগী ভর্তি থাকে। এ ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বলেন, জেলা থেকে অপ্রয়োজনীয় ওষুধ চাপিয়ে দেওয়া হয়। অবেদন করার ওষুধ থায়োপেন্টাল সোডিয়াম নামের একটি ওষুধের এক হাজার ভায়াল পড়ে আছে, ম্যালেরিয়ার ওষুধে গুদাম ভর্তি। কিন্তু আঘাত নিয়ে ভর্তি হওয়া রোগীকে ব্যথানাশক দেওয়া যায় না।সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর ওষুধ চাপিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।তবে সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সিএমএসডি থেকে ওষুধ গছিয়ে দেয়, তারাও বাধ্য হয়ে এসব ওষুধ উপজেলা হাসপাতালে পাঠায়। ওই সূত্র আরও জানায়, ইডিসিএলের গ্যাস্ট্রিকের ওষুধ থাকা সত্ত্বেও মাস খানেক আগে সিএমএসডি ইনসেপ্টার তৈরি এক লাখ পেন্টাপ্রাজল পাঠিয়েছে।গত ডিসেম্বরে হাসপাতাল কর্তৃপক্ষ পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে পরামর্শ করে কম প্রয়োজনীয় ওষুধ সিএমএসডিতে ফেরত পাঠায়। তার মধ্যে ছিল পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অবেদন করার ওষুধ বুপিভ্যাকেইন ৫% ইনজেকশন এক হাজার, সাকসামেথানিয়াম ১০০ মিলিগ্রাম এক হাজার, নিওগস্টিনিন মিথাইল সালস এক হাজার এবং ইনসেপ্টা ফার্মার থাইওপেন্টাল সোডিয়াম ১ গ্রাম ৫০০টি ও চোখের ওষুধ ট্রপিকামাইড ৫০০টি।পটুয়াখালী ও সুনামগঞ্জে একই অবস্থা: পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও ওষুধ পায় না। বহির্বিভাগের রোগীরা ইডিসিএলের তৈরি কিছু ওষুধ পায়। সিএমএসডি থেকে বিভিন্ন সময় বেসরকারি প্রতিষ্ঠানের কম প্রয়োজনীয় ওষুধ চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। এখান থেকে তিন হাজার সাধারণ স্যালাইন, আট হাজার ডোপামাইট ট্যাবলেট, দুই হাজার ইফিড্রিন ইনজেকশন, ৫০০ ভুপিকেন, ভিটামিন কে ইনজেকশন ফেরত পাঠানো হয়।সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, সিএমএসডি থেকে পাঠানো বেশির ভাগ ওষুধই গুদামে আছে। চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি পাঠানো হয়েছে।শল্য চিকিৎসকের অভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে কখনো জটিল অস্ত্রোপচার হয়নি। তবু সেখানে পাঠানো হয় অবেদন করার ওষুধ আর সাধারণ স্যালাইন। স্যালাইনের ব্যবহার খুবই কম, তবু পাঠানো হয়েছিল প্রায় ১৫ লাখ টাকার স্যালাইন।(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঠাকুরগাঁও প্রতিনিধি মুজিবুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি শংকর লাল দাশ এবং সুনামগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান)