সরকারি হুঁশিয়ারির পর লঞ্চ চলেছে, ধর্মঘটীরা ক্ষুব্ধ
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট সপ্তম দিনেও প্রত্যাহার করা না হলেও সরকারি হুঁশিয়ারির পর গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বেশ কিছু লঞ্চ ছেড়ে গেছে। গতকাল ঢাকা সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৩৯টিরও বেশি লঞ্চ ছেড়ে যায় গন্তব্যে। ভোর থেকেই সদরঘাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লঞ্চ আসতেও থাকে। কয়েক দিন পর নৌচলাচল বাড়ায় যাত্রীদের ব্যাপক ভিড় ছিল। গত বুধবার সরকার ঘোষণা করে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে নিয়মিত লঞ্চ না ছাড়লে সংশ্লিষ্ট লঞ্চের মাস্টার ও চালকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। এর পরিপ্রেক্ষিতেই গতকাল সকাল থেকে বেশির ভাগ লঞ্চ ছেড়ে যেতে দেখা যায়। ঢাকা নদীবন্দর সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ২৯টি যাত্রীবাহী লঞ্চ সদরঘাট টার্মিনালে আসে। আর দুপুর আড়াইটা পর্যন্ত ১৭টি লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া বিকেল পাঁচটা থেকে ৩২টি লঞ্চ নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাওয়ায় টার্মিনালে ব্যাপক ভিড় ছিল। গতকাল সকালে সদরঘাট থেকে পারাবত-৯, সৈকত-৮, সুন্দরবন-৮ সহ চারটি বড় লঞ্চ বরিশালসহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে মেঘনা রানী ও ময়ূরী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার কর্মচারীরা জানান, পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক।এদিকে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম দাবি করেছেন, নৌপরিবহনমন্ত্রী ভয়ভীতি ও হুমকি দিয়ে ধর্মঘট ‘বানচালের ষড়যন্ত্র’ করছেন। এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে হুমকি দিইনি, শুধু ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। এ আহ্বানে শ্রমিক ও যাত্রীরা সাড়া দিয়েছে। এ সমস্যা সমাধানে আমাকে যেকোনো এক পক্ষ নিতে হবে। হয় শ্রমিকদের পুরো দাবি মেনে নিয়ে আমাকে যাত্রীদের গলা কাটতে হবে, না হয় মালিকদের গলা কাটতে হবে। এ ক্ষেত্রে আমি বরং শ্রমিকদের অনেক দাবি মেনে নিয়ে মালিকদেরই গলা কেটেছি।’নৌপরিবহনমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী তাঁদের বেতন সর্বোচ্চ ৯০ শতাংশ বাড়ানো হয়, পরে তা ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু সরকার বা মালিকপক্ষ কখনোই বেতন ৩০০ শতাংশ বাড়ানো হবে, এমন কোনো আশ্বাস দেয়নি।