সরকারি ১৬ পাটকল পাচ্ছে ৫০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট খাতের জন্য ৫০০ কোটি টাকার তহবিল চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই তহবিল বিতরণের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ১৬টি পাটকলকে ৯ শতাংশ সুদে চাহিদা অনুযায়ী এই তহবিল থেকে অর্থ দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারি পাটকলগুলো এই তহবিল থেকে অর্থ চাইতে পারবে। জানা গেছে, ৫০০ কোটি টাকা পুনরর্থায়ন তহবিল হিসেবে ব্যবহূত হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংকের মাধ্যমে এই টাকা দেওয়া হবে। গত এপ্রিল মাসে তহবিলটি অনুমোদন পেলেও অর্থ ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত হলো কাল। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ৫ শতাংশ সুদে এই অর্থ ব্যাংক চারটিকে দেবে এবং ব্যাংকগুলো পাটকলকে তা দেবে ৯ শতাংশ সুদহারে। কোনো পাটকল নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হলে, তাদের ক্ষেত্রে বাণিজ্যিক হারে সুদ আদায় করা হবে। জানা গেছে, সোনালী ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে ১০৯ কোটি ৮৫ লাখ টাকা, জনতা ব্যাংকের মাধ্যমে ২৬৪ কোটি ১০ লাখ, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৬২ কোটি ৯৫ লাখ টাকা এবং রূপালী ব্যাংকের মাধ্যমে বাকি ৬৩ কোটি ১০ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরের জন্য বিজেএমসির মালিকানাধীন পাটকলগুলোর জন্য ২১ লাখ ২০ হাজার কুইন্টাল পাট কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাজারদর অনুযায়ী এর দাম এক হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া মিলগুলোর পুরোনো যন্ত্রপাতি মেরামতের জন্য আরও ১০০ কোটি টাকা প্রয়োজন বলেও জানানো হয়। বিজেএমসি থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় পাট কেনার এক হাজার কোটি টাকা অর্থায়নের জন্য অনুরোধ করা হয়। পাট খাতে তারল্য সংকট দূর করতে বিজেএমসির অনুকূলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকার পুনরর্থায়ন সুবিধা চাওয়া হয়। কোন পাটকল কত টাকা: বিজেএমসির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে চালু ১৬টি পাটকলের জন্য ৫০০ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে করিম জুট মিলসকে ৩৪ কোটি ২৫ লাখ টাকা, লতিফ বাওয়ানী জুট মিলসকে ৬২ কোটি ৮৫ লাখ এবং আলীম জুট মিলসকে দেওয়া হবে ১২ কোটি ৭৫ লাখ টাকা। জনতা ব্যাংকের মাধ্যমে আমিন জুট মিলসকে ৩৫ কোটি, হাফিজ জুট মিলসকে ৩৪ কোটি ৬০ লাখ, বাংলাদেশ জুট মিলসকে ৩৫ কোটি ৭৫ লাখ, ইউএমসি জুট মিলসকে ৫৫ কোটি ৫০ লাখ, রাজশাহী জুট মিলসকে ১৬ কোটি ২৫ লাখ, প্লাটিনাম জুবিলি জুট মিলসকে ৪৯ কোটি ২০ লাখ, যশোর জুট ইন্ডাস্ট্রিজকে ২১ কোটি ৯০ লাখ এবং ইস্টার্ন জুট মিলসকে দেওয়া হবে ১৫ কোটি ৯০ লাখ টাকা। অগ্রণী ব্যাংক দেবে গুল আহম্মদ জুট মিলসকে ২১ কোটি টাকা, স্টার জুট মিলসকে ৩০ কোটি ৪০ লাখ টাকা, কার্পেট জুট মিলসকে সাত কোটি ৯০ লাখ এবং বাগদাদ জুট মিলসকে তিন কোটি ৬৫ লাখ টাকা। এ ছাড়া রূপালী ব্যাংকের মাধ্যমে ক্রিসেন্ট জুট মিলসকে দেওয়া হচ্ছে ৬৩ কোটি ১০ টাকা।