সরকারিভাবে জনশক্তি রপ্তানি ঠেকাতে মরিয়া বায়রা
ব্যবসা টিকিয়ে রাখতে সরকারিভাবে জনশক্তি রপ্তানির বিরোধিতায় একজোট হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। জনশক্তি রপ্তানিকারকদের এই সংগঠনের নেতারা বলছেন, বেসরকারি রপ্তানিকারকদের বাদ দিয়ে সরকারিভাবে জনশক্তি রপ্তানি-প্রক্রিয়া শুরু করা হলে শ্রমবাজার ধ্বংস হয়ে যাবে। সোমবার এক সংবাদ সম্মেলনে বায়রার নেতারা যেকোনো মূল্যে এই প্রক্রিয়া প্রতিহত করার ঘোষণা দেন।তবে সরকার বলছে, অভিবাসন ব্যয় কমানোসহ অনেক সমস্যার সমাধান করতেই সরকারিভাবে লোক পাঠানোর প্রক্রিয়া চলছে। সরকার এ অবস্থান থেকে সরে আসবে না। ২০০৭ সালে ৮ লাখ ৩২ হাজার ৬০৯ ও ২০০৮ সালে ৮ লাখ ৭৫ হাজার ৫৫ জন বাংলাদেশি কর্মী বিদেশে চাকরি নিয়ে গিয়েছিলেন। ২০০৯ সালে এই সংখ্যা কমে হয় চার লাখ ৭৫ হাজার ২৭৮ জন। জনশক্তি রপ্তানিকারকেরা ভেবেছিলেন, বিশ্বমন্দা কেটে গেলে এই সমস্যার সমাধান হবে। কিন্তু ২০১০ সালে জনশক্তি রপ্তানি আরও কমে ৩ লাখ ৯০ হাজার ৭০২ জনে দাঁড়ায়। বায়রার দাবি, কূটনৈতিক ব্যর্থতা ও সরকার যথাসময়ে পদক্ষেপ না নেওয়ার কারণেই জনশক্তি রপ্তানি কমছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ার বাজার দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তবে সরকারের পক্ষ থেকে এ খাতে নানা সমস্যার জন্য জনশক্তি রপ্তানিকারকদের দায়ী করা হয়। দীর্ঘদিন ধরে বলার পরও অতিরিক্ত অভিবাসন খরচ কমাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। এর ফলেই নানা সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায় চার লাখ লোক অবৈধ হয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অভিবাসন খরচই দায়ী। দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করে এই লোকগুলো সেখানে গেছেন। সেই টাকা তোলার জন্য তাঁদের নির্ধারিত সময়ের অতিরিক্ত সেখানে অবস্থান করতে হচ্ছে। আর এটি করতে গিয়ে তাঁরা এখন সেখানে অবৈধ হয়ে আছেন।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, মালয়েশিয়ার বাজার দুই বছর ধরে বন্ধ। প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল গত বছরের ১২ ডিসেম্বর বাজারটি আবার চালু করতে মালয়েশিয়া সফর করে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, মালয়েশিয়া সরকার বাংলাদেশের প্রতিনিধিদলকে জানিয়েছে, তারা সরকারিভাবে লোক নিতে চায়। বাংলাদেশের মন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদেরও এ কথা জানানো হয়েছে। কাজেই এই মুহূর্তে বাজার চালু করতে হলে সরকারিভাবে লোক পাঠানোর বিকল্প নেই। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদেশে লোক পাঠানোর নামে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, মধ্যস্বত্বভোগীসহ অনেক সমস্যা সমাধানে সরকারিভাবে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া চলছে। আপাতত মালয়েশিয়া থেকে সরকার এই প্রক্রিয়া শুরু করতে চায়। সরকার একটি ধারা তৈরি করে দেখাতে চায় যে চাইলেই কম টাকায় বিদেশে লোক পাঠানো সম্ভব। এই ধারা তৈরি হয়ে গেলে বেসরকারি খাতের ব্যবসায়ীরা এটিকে আদর্শ ধরে ব্যবসা করতে পারবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি মালয়েশিয়া সরকারের চার সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকা আসছে। ৯ জানুয়ারি প্রতিনিধিদলের সদস্যরা বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে সরকারিভাবে লোক পাঠানোর বিষয়টি নিয়ে কথা হবে। সরকার আশা করছে, সবকিছু চূড়ান্ত হলে এ বছরের জুনের আগেই মালয়েশিয়ায় বাংলাদেশের বাজার চালু করা যাবে। তবে সরকারিভাবে লোক পাঠানোর এই খবরে উদ্বিগ্ন বেসরকারি খাতের ব্যাবসায়ীরা। বায়রার সভাপতি আবুল বাসার বলেছেন, সরকারের একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড ও অভিবাসন-প্রক্রিয়ার অনুমোদনকারী প্রতিষ্ঠান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। তাঁদের কাছে খবর আছে, এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর প্রক্রিয়া চলছে। কিন্তু সরকারই যদি ব্যবসা করতে নামে, তাহলে এই খাতে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করা এগারো শ রপ্তানিকারক কোথায় যাবেন? আর সরকারই যদি ব্যবসা করে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো রাখার দরকার কী?বায়রার সভাপতি বলেন, গত ২৬ বছরে বোয়েসেল মাত্র ১৭ হাজার কর্মী বিদেশে পাঠিয়েছে। আর বেসরকারি ব্যবসায়ীদের মাধ্যমে গেছে ৭০ লাখ। এই তথ্যই প্রমাণ করে বোয়েসেলের প্রতিবছর কয়েক লাখ লোক বিদেশে পাঠানোর মতো যোগ্যতা ও দক্ষতা নেই। আর সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে লোক পাঠানো নিয়ে বোয়েসেল যে সমস্যা শুরু করেছে, তাতে তাদের অদক্ষতাই আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে লাখ লাখ লোক পাঠানো সম্ভব নয়। কাজেই সরকারের এই প্রক্রিয়া থেকে সরে আসা উচিত। বায়রার সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে নীতিনির্ধারণী প্রক্রিয়া থেকে সরিয়ে ব্যবসায় নামানোর বুদ্ধি প্রতিপক্ষ দেশগুলোর ষড়যন্ত্র হতে পারে। কারণ, সরকার ব্যবসায় জড়িত হলে আমলাতান্ত্রিক বা অবকাঠামোগত নানা জটিলতার কারণে দীর্ঘসূত্রতায় কর্মী রপ্তানি-প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। সরকারিভাবে লোক নেওয়া শুরু হলে আপনারা কী করবেন?—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এই প্রক্রিয়া ঠেকাব। এখন সাংবাদিকদের কাছে এসেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেব।’ তবে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত অভিবাসন খরচ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, এসব কারণেই মালয়েশিয়ার বাজার দেড় বছর ধরে বন্ধ। আগে বাজার চালু করা জরুরি। দীর্ঘদিন ধরে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই বাজার চালুর একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সরকারিভাবে লোক পাঠিয়ে একটি আস্থার সম্পর্ক তৈরি করা গেলে বাজার ধরে রাখা যাবে। আর যারা লোক নেবে, সেই মালয়েশিয়াই সরকারিভাবে লোক চাইছে। এখন বাজার খোলার আগেই যদি বায়রা বিরোধিতা করে, তাহলে সেটি বড় সমস্যা। তবে সরকার কারও অনৈতিক দাবির মুখে মাথা নত করবে না। তাই সরকারিভাবেই লোক পাঠানোর প্রক্রিয়া চলবে। এর ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকায় বাংলাদেশের একজন কর্মী বিদেশে যেতে পারবেন। সেখানে অন্তত পাঁচ বছর থাকতে পারবেন। এতে খুব সহজেই তাঁরা খরচের টাকা তুলতে পারবেন।