সরকারিভাবে লোক পাঠানো হবে মালয়েশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারিভাবে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগির চালু করা হবে। প্রতারণা ঠেকাতে এবার সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার মন্ত্রী তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।মন্ত্রী বলেন, ২০০৭-০৮ সালে চার লাখেরও বেশি মানুষ মালয়েশিয়ায় যায়। তাদের কাছ থেকে দালালেরা দুই থেকে তিন লাখ টাকা নিয়েছে। কোনো কোম্পানিতে হয়তো ১০০ লোক লাগবে, দালালেরা সেখানে জালিয়াতি করে এক হাজার লোক পাঠিয়েছে। এসব কারণে মালয়েশিয়ায় গিয়ে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক রাস্তায় কাটিয়েছে। মালয়েশিয়া একপর্যায়ে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেয়।মন্ত্রী বলেন, সব শ্রমিকের কাছে অনুরোধ, সরকারের এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে আপনারা কারও কাছে কোনো টাকা দেবেন না। অনেকেই গুজব ছড়িয়েছে যে মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হচ্ছে। মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ কোথাও এক টাকাও দেবেন না বলে অনুরোধ জানান মন্ত্রী।মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার কবে চালু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা আমাদের সব প্রস্তুতি দেখে যাবে। এরপর মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।মন্ত্রী বলেন, বন্ধ থাকা এই শ্রমবাজার খোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। আমরাও মালয়েশিয়ার সরকারের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করি। মালয়েশিয়ার সরকার আমাদের জানায়, বাংলাদেশের অভিবাসন ব্যয় অনেক বেশি। এ কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার এসে দীর্ঘ সময় থেকেও শ্রমিকেরা সেই টাকা তুলতে পারে না। লোক পাঠানোর আগে অবশ্যই খরচ কমাতে হবে। স্বচ্ছতার জন্য মালয়েশিয়া সরকারিভাবে লোক নেওয়ার আগ্রহ পোষণ করে। মন্ত্রী বলেন, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিদেশ যাওয়ার জন্য যারা সরকারিভাবে নাম নিবন্ধন করে তাদের মধ্য থেকে মালয়েশিয়ায় লোক পাঠানো হবে। এ ক্ষেত্রে অভিবাসন খরচ সর্বোচ্চ ৫০ হাজার হবে বলে তিনি আশা করেন। মন্ত্রী ১৩-১৫ মে পর্যন্ত ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে মালয়েশিয়া সফর করেন। জনশক্তির বাজার ছাড়াও পদ্মা সেতুর বিষয়ে কথা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি বলেন, মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বিদ্যুত্ খাতে বিনিয়োগের আগ্রহ পোষণ করেছে। সংবাদ সম্মেলনে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণসচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।