সরকারে এটা সার্বিক বিশৃঙ্খলা: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলের শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ ‘সরকারের মধ্যে সার্বিক বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপব্যবস্থাপনা পরিচালকদের (ডিএমডি) সঙ্গে গতকাল বুধবার অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। আওয়ামী লীগের শোভাযাত্রায় যোগ দেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি যাব।’গতকালের শোভাযাত্রায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁরা অংশ নিচ্ছেন কি না, আমি তা জানি না। জিয়া পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ইত্যাদি সংগঠন তো আছেই। তারা যোগ দেয়। এভাবেই চলছে।’ এটা কি ঠিক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এভাবে মিছিল বা শোভাযাত্রায় যোগ দেওয়া ঠিক নয়। এটা সরকারে সার্বিক বিশৃঙ্খলা।’রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ পরিস্থিতি বর্তমানে যৌক্তিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগে তা ২৮ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছিল। বর্তমানে নেমে এসেছে ১৩ থেকে ১৪ শতাংশে। তবে আশার কথা যে দেশে খেলাপি সংস্কৃতি যেটা ছিল, তা দূর হচ্ছে।রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে অর্থ প্রবাহের বিষয়টি প্রকট হয়ে গেছে বলে জানান অর্থমন্ত্রী। কারণ হিসেবে তিনি বলেন, যাঁরা যে শর্তে অর্থ নেন, তাঁরা আর সেভাবে তা ফেরত দেন না।