সরকারে থাকলেও সক্রিয় নেই মহাজোট আজ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারে থাকলেও রাজনৈতিক ও জোটগতভাবে মহাজোট সক্রিয় নয়। ক্ষমতার প্রায় ১৬ মাসে মহাজোটের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। ১৪ দলের কয়েকটি বৈঠক হলেও রাজনৈতিক কোনো সিদ্ধান্ত ছিল না। ফলে কার্যত মহাজোটের কোনো কার্যক্রম নেই বলে জানিয়েছেন শরিক দলের নেতারা।মহাজোট ও ১৪ দলের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার কথা বলেছেন। ১৪ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকও হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও দলটির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। মহাজোট সরকারের প্রথম বর্ষপূর্তিতে শরিক দলের নেতাদের ভোজসভায় আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী।সূত্র জানায়, আজ ১ জুন গণভবনে মহাজোটের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদের চিফ হুইপ আবদুস শহীদ প্রধানমন্ত্রীর পক্ষে জাপা নেতাদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। আজ গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, সংসদীয় দল, উপদেষ্টা পরিষদ ও মহাজোটের যৌথ সভা হবে। মহাজোট ও ১৪ দলের আলাদা বৈঠকও হতে পারে। পরে সবাই নৈশভোজে যোগ দেবেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চাওয়া-পাওয়া নিয়ে কিছুটা ক্ষোভ থাকলেও মহাজোটের প্রয়োজনীয়তা স্বীকার করছেন সবাই। মহাজোট আছে এবং থাকবে বলে দাবি করছেন তাঁরা।এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, মহাজোট সক্রিয় আছে। ১ জুন আওয়ামী লীগের যৌথ সভায় দল, সরকার ও মহাজোট নিয়ে আলোচনা হবে।গত বছরের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাজোটের শরিক দল নিয়ে সরকার গঠন করেন। ১৪ দলের শরিক দিলীপ বড়ুয়া এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে মন্ত্রিসভায় নেওয়া হয়।সূত্র জানায়, মহাজোটের শরিকদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হলেও দলগুলোর মধ্যে ক্ষোভ-বিক্ষোভ আছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির সোলায়মান শেঠ মেয়র পদে প্রার্থী হয়েছেন। এর আগে উপজেলা নির্বাচনেও মহাজোট ছিল না। তবে সম্প্রতি চট্টগ্রামের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠককালে জাতীয় পার্টির প্রার্থিতা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে আলোচনার কথা বলা হয়। এ ব্যাপারে মাহবুবুল আলম বলেন, স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হয় না। তবে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হবে কি না, তা নির্ভর করবে মহিউদ্দিন চৌধুরীর ওপর। তিনি একজন অভিজ্ঞ প্রার্থী। তিনি যদি মনে করেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা প্রয়োজন, তাহলে তা করা হবে।জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাজোটে থাকলেও দলটি সরকারের প্রতি কিছুটা ক্ষুব্ধ, বিশেষ করে আরও দু-একজনকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি তাদের ছিল। তা ছাড়া সরকারি দলের জ্যেষ্ঠ নেতারা জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতাদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন বলে অভিযোগ আছে। সারা দেশে জাতীয় পার্টির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে মূল্যায়ন পাচ্ছেন না বলেও অভিযোগ করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিভিন্ন বক্তৃতা-বিবৃতিতে মাঝে-মধ্যেই ক্ষোভ প্রকাশ করেন। তবে জাতীয় পার্টি মহাজোটে থাকবে বলেও জানান তিনি।জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কষ্ট থাকলেও মহাজোট আছে, থাকবে। প্রধানমন্ত্রীর ওপর আমাদের আস্থা অনেক।’সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সমঝোতার ব্যাপারে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন জাতীয় পার্টির নেতারা। আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান পেলেই জাতীয় পার্টির নেতারা সাড়া দেবেন।এ প্রসঙ্গে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, চট্টগ্রামের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভাবছেন। কোনটা করলে ভালো হবে, তা তিনিই বুঝবেন। তবে এ বিষয়ে হানিফের সঙ্গে টুকটাক কথা হয়।সূত্র জানায়, ১৪ দলকে আওয়ামী লীগ আদর্শিক জোট মনে করে। ন্যূনতম জাতীয় কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগসহ ১৪ দলের জোট হয়। এ জোট বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তবে ১৪ দলও সক্রিয় নয়।এ প্রসঙ্গে ১৪ দলের অন্যতম শরিক দলের নেতা রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ১৪ দলের কোনো কার্যক্রম নেই। রাষ্ট্র পরিচালনায় ১৪ দলের চিন্তাভাবনা কার্যকর হচ্ছে না। তা ছাড়া মাঠ পর্যায়েও সরকারি কার্যক্রমে ১৪ দলের নেতা-কর্মীদের অংশগ্রহণ নেই।অপর শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ১৪ দল স্বাভাবিক পর্যায়েই আছে। তবে রাজনৈতিকভাবে ততটা সক্রিয় নয়।