সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, সরকার প্রমাণ করে দিয়েছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।মওদুদ আহমদ বলেন, ভোটের ক্ষেত্রে নীরব বিপ্লব ঘটে গেছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, বিষয়টি ঠেকানোর ক্ষমতা সরকারের নেই। গাজীপুর নির্বাচনে কারচুপি হলে জনগণই তার জবাব দেবে।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক উন্মুক্ত পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন। জাতীয় সংসদ চত্বরে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের ওপর চালানো নির্যাতন দিবস এবং প্রশ্নবিদ্ধ আগামী জাতীয় নির্বাচন ও আজকের প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক পরিষদের সভাপতি রমীজ উদ্দিন।মওদুদ আহমদ বলেন, স্থানীয় সরকারের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের তুলনা করলে হবে না। তিনি বলেন, আগের সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করা সম্ভব না। পৃথিবীর আর কোথাও এ ধরনের নির্বাচন করার নজির নেই, এটি সংবিধানসম্মত না। তাই এ ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে। মওদুদ আহমদ প্রধানমন্ত্রীর লন্ডন সফর প্রসঙ্গে বলেন, ‘ব্রিটিশ সরকার প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়নি। তার পরও এ সফরকে রাষ্ট্রীয় সফর বলা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী যদি বলেন, তিনি তাঁর নিজের খরচে সফরে গিয়েছেন, তাহলে আর বলার কিছু নেই।’ বক্তব্যর একপর্যায়ে মওদুদ আহমেদ বলেন, ‘এসব কথা বললে সরকার আবার মামলা দিয়ে দিতে পারে।’আলোচনা সভার প্রধান আলোচক যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের ওপর সরকারের চালানো নির্যাতন একটি প্রতীক মাত্র। এ ধরনের হাজার ঘটনা রয়েছে। তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া এবং জুলুম নির্যাতনের পথ পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।