সরকারের অনুরোধে কালকের হরতাল স্থগিত: মাশায়েখ পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুরোধে এবং খ্রিষ্টানদের ধর্মীয় উত্সব পালন নির্বিঘ্ন করতে কাল রোববারের হরতাল স্থগিত করা হয়েছে। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী এ কথা জানান। আজ শনিবার সকালে রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষানীতি সংশোধনের দাবিতে এ হরতাল ডাকা হয়েছিল।মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘আমরা সরকারকে ২৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম। বলেছিলাম, এর মধ্যে দাবি মানা না হলে হরতাল করা হবে। সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে ও সরকারের অনুরোধ ২৬ ডিসেম্বরের হরতাল স্থগিত করেছি। এ ছাড়া খ্রিষ্টানদের ধর্মীয় উত্সব পালন যেন বিঘ্নিত না হয় সে বিবেচনাও এসেছে।’ তিনি আরও বলেন, ‘সরকার আমাদের দাবি বিবেচনা করার যে আশ্বাস দিয়েছে, আশা করি সরকার সেটা পালন করবে। পালন করা না হলে হরতাল করব।’ পরিষদের কেন্দ্রীয় নেতা মমতাজ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আমাদের দাবির বিষয়ে সরকার আজ একটি বিবৃতি দেবে এবং পর্যায়ক্রমে সব দাবি মেনে নেওয়া হবে।’সংবাদ সম্মেলনে যুগ্ম সম্পাদক আলমগীর মজুমদার বলেন, ‘দেশে অনেক ধর্মীয় দল আছে। তাদের দায়িত্ব ছিল আন্দোলনের সূচনা করা। তারা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছে, সেটা আপনারা জানেন। পরিষদ তার সীমাবদ্ধতার মধ্যেও কাজ করার চেষ্টা করেছে। আমাদেরকে কটূক্তি করা হয়েছে। রাজাকার, আল-বদর, আল-শামস বলা হয়েছে।’ প্রসঙ্গত, শিক্ষানীতি সংশোধনের দাবিতে কাল রোববারের হরতাল কর্মসূচি গতকাল রাতেই স্থগিত করে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। গত রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে বৈঠকে পরিষদের নেতারা এ সিদ্ধান্ত নেন। আজ সংবাদ সম্মেলন করে পরিষদ আনুষ্ঠানিকভাবে তা জানিয়েছে।