সরকারের অন্যায়-লুটপাটের বিচার হবে গণআদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার রাগ-অনুরাগের বশবর্তী না হয়ে সংবিধান রক্ষার শপথ নিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও হয়রানি করে শপথ ভঙ্গ করেছে। বর্তমান সরকারের সব অন্যায়, দুর্নীতি ও লুটপাটের বিচার হবে গণআদালতে।আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা এবং তাঁকে হয়রানির প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ ও নাগরিক ফোরামের যৌথ আয়োজনে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। সমাবেশে নোমান বলেন, ‘সরকার রাগ-অনুরাগের বশবর্তী না হয়ে সংবিধান রক্ষার শপথ নিয়েছিল। অথচ ক্ষমতায় বসার পর বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করছে। তাঁরা খালেদা জিয়াকে তাঁর বাড়ি থেকে বের করে দিয়ে সেই শপথ ভঙ্গ করেছে।’বর্তমান সরকারের আমলে সীমাহীন দুর্নীতি হয়েছে দাবি করে নোমান বলেন, ‘দুর্নীতির মাধ্যমে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। শেয়ারবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়ে সরকারদলীয় লোকজন দেড় হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সোনালী ব্যাংকের অর্থ লুটপাটে কারা জড়িত সেটা দেশবাসী জানে। সরকারের অন্যায়, দুর্নীতি ও লুটপাটের বিচার হবে গণআদালতে।’শপথ নিয়ে তা রক্ষা না করায় বর্তমান সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যায় দাবি করে নোমান বলেন, ‘সরকার ব্যর্থ ও জনবিচ্ছিন্ন হয়ে এখন মিথ্যা মামলা দিচ্ছে। সংবাদপত্র ও স্বাধীন চিন্তার মানুষের কণ্ঠরোধের চেষ্টা করছে। মাহমুদুর রহমান সত্য প্রকাশ করেছেন। তিনি দেশের বিরুদ্ধে কিছু করেননি। তারপরও সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছেন।’আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তাঁরা ক্ষমতায় আসতে পারবেন না, এটা তাঁরা বুঝে গেছেন।’সাবেক বিএমএ নেতা খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, মহিলা দল নেত্রী নূরী আরা ছাফা, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, আইনজীবী এস ইউ নূরুল ইসলাম ও মফিজুল হক ভূঁইয়া। সমাবেশ ও মানববন্ধন শেষে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।