টিপাইমুখের প্রস্তাবিত প্রকল্পের ব্যাপারে গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমনকি এ নিয়ে সরকারের অবস্থানও পরিষ্কার করা হয়নি। জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে আজ সোমবার ‘কিছু একটা বলা হবে’।পানিসম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এ বিষয়টি তদারক করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গতকাল ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্রে যোগাযোগ করে জানা যায়, মণিপুরের বরাক নদের ওপর টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই হলেও সেখানে এখনই বাঁধ নির্মিত হচ্ছে না। তাই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, এ নিয়ে এখনই এত উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না তাঁরা। এদিকে গতকাল ঢাকায় এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের টিপাইমুখ বাঁধ নির্মাণ চুক্তি স্থগিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে এনএইচপিসি, এসজেভিএন ও মণিপুর রাজ্য সরকার গত ২২ অক্টোবর দিল্লিতে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই করেছে। যৌথ বিনিয়োগ প্রকল্পে জাতীয় জলবিদ্যুৎ সংস্থা (এনএইচপিসি) ৬৯, রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থার (এসজেভিএন) ২৬ এবং রাজ্য সরকারের পাঁচ ভাগ মালিকানা থাকবে। মণিপুর রাজ্যের চন্দ্রচূড় জেলায় প্রস্তাবিত এ প্রকল্পে ১৬২ দশমিক ৮০ মিটার উঁচু পাথরের বাঁধের পাশাপাশি এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ছয়টি ইউনিট থাকবে। নয় হাজার ২১১ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্প শেষ হবে ৮৭ মাসে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, টিপাইমুখ বাঁধ প্রকল্প বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে দিল্লি থেকে মনমোহন সিংয়ের পুরোনো প্রতিশ্রুতির কথাই মনে করিয়ে দিয়েছে। ২০১০ ও ২০১১ সালে বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশ্বাস দিয়েছিলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প টিপাইমুখে নেওয়া হবে না।জানতে চাইলে ঢাকার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত ২৪ অক্টোবরের এনএইচপিসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটিতে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বহুমুখী জলাধার হচ্ছে। সেখানে বাঁধ হচ্ছে, এমন কোনো কথা বলা হয়নি। কাজেই এখনই খুব উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।তবে প্রকল্পটির অন্যতম অংশীদার এসজেভিএনের ওয়েবসাইট ঘেঁটে দেখা দেখা যায়, প্রকল্পটিতে ১৬২ দশমিক ৮০ মিটার উঁচু একটি পাথরের বাঁধ নির্মাণের কথা উল্লেখ আছে।