সরকারের অবস্থান নিয়ে বিএনপির সমালোচনা
বর্তমান পরিস্থিতিতে সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ‘পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের ভয়াবহ নৈরাজ্য ও নির্বিচারে মানুষ হত্যার’ প্রতিবাদে বিএনপি সমাবেশ করে। সমাবেশে বিএনপির বিভিন্ন নেতা শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন, ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা, ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত খবর ও এসব বিষয়ে সরকারের অবস্থান নিয়ে মন্তব্য করেন। সরকার এই পরিস্থিতিতে আগুন নিয়ে খেলছে বলে অভিযোগ করেন তাঁরা। জবাই করে, ফাঁসি দিয়ে সুন্দর বাংলাদেশ গড়া যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই ভয়াবহ খেলা থেকে সরে আসুন। জনগণকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দেবেন না। এখনো সময় আছে। আপনার শুভবুদ্ধির উদয় হোক। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করুন।’ শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘দেশের মানুষ বিভাজনের রাজনীতি চায় না, মানুষ শান্তি চায়। তাই তরুণ সমাজকে বলতে চাই, প্রতিহিংসা, ফাঁসি আর জবাই করার রাজনীতি নয়। আমরা ভালোবাসা, সৌহার্দ্যের রাজনীতি চাই। জবাই করে, ফাঁসি দিয়ে সুন্দর বাংলাদেশ গড়া যাবে না।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান— সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে। তাদের আল্লাহ ও রাসুলের ওপর কোনো ধরনের কটূক্তি মানুষ সহ্য করবে না।’ সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘কার স্বার্থে ব্যাংক-বিমা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংস করার ইঙ্গিত দিচ্ছেন? যখন দেশের অর্থনীতি সচল হয়, জাতীয় প্রবৃদ্ধি বাড়তে থাকে, তখনই ষড়যন্ত্র হয়। তাঁদের ইঙ্গিতেই এসব করা হচ্ছে।’ ফখরুল অভিযোগ করেন, পুলিশ সরকারের হুকুমে গত ১০ দিনে ৩০ জন সাধারণ মানুষকে বন্য পশুর মতো গুলি করে মেরেছে। তিনি আওয়ামী লীগকে জার্মানির হিটলার, ইতালির মুসোলিনির সঙ্গে তুলনা করে বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। তারা অন্য মত একদম সহ্য করতে পারে না।ব্লগার রাজীবের মৃত্যু অবধারিত হওয়া উচিত ব্লগার রাজিব হায়দারের নাম উল্লেখ করে সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির নেতা সাদেক হোসেন খোকা বলেন, ‘তাঁকে কে বা কারা মেরেছে জানি না। এটা বের করার দায়িত্ব সরকারের। কিন্তু সে যে জঘন্য ভাষায় ধর্মের বিরুদ্ধে, মহানবীর (স.) বিরুদ্ধে লিখেছে, তাঁর মৃত্যু অবধারিত হওয়া উচিত। এই ছোকরা এত দিন কীভাবে বেঁচে ছিল, সেটাই আমাকে অবাক করেছে।’ ধর্মভিত্তিক দলগুলোর আন্দোলনের উল্লেখ করে সাদেক হোসেন বলেন, ‘আমরা মনে করি, এ আন্দোলন ন্যায়সংগত। আমরা এ আন্দোলনকে সর্বতোভাবে সমর্থন করি। বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব হবে, এ আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে একে এগিয়ে নেওয়ার জন্য দরকার হলে যেকোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করা।’ সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস প্রমুখ।সরকার বাংলাদেশকে বিভক্ত করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বর্তমান সরকার বাংলাদেশকে মুক্তিযুদ্ধে পক্ষের-বিপক্ষের শক্তিতে এবং ইসলামের পক্ষের ও বিপক্ষের শক্তিতে বিভক্ত করছে।কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, যারা আল্লাহ ও মহানবী (স.) সম্পর্কে কটূক্তি করেছে, সরকার তাঁদের পক্ষ নিয়েছে। এই কটূক্তি পত্রিকায় ছাপানোর কারণে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে। অথচ কটূক্তিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।