সরকারের অবৈধ কাজ ক্ষমতায় গিয়ে বাতিল করা হবে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের সব কর্মকাণ্ড অবৈধ বলে ঘোষণা করা হবে। এসব অবৈধ কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহিও করতে হবে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া সরকারের মন্ত্রিসভার সদস্যদের অযোগ্য, অনভিজ্ঞ ও অদক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এরা কিছুই জানে না, কিছুই বোঝে না। সময়মতো অফিসে পর্যন্ত আসে না। ফলে প্রশাসনের কাজে গতি আসছে না। জনগণ সরকারের কাছ থেকে সুফল পাচ্ছে না।’ তিনি অভিযোগ করেন, সরকার চলছে কয়েকজন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী আবার সব কাজ একাই করেন। তিনিই কখনো জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসে পড়ছেন। স্পিকার বিরোধী দলকে সুযোগ দিতে পারেন না প্রধানমন্ত্রীর কারণে। খালেদা জিয়া ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রদলের সব স্তরের কমিটি করা হবে। তারাই কমিটিতে স্থান পাবে, যারা দলের প্রতি আনুগত্য দেখাবে, কোনো ভাইয়ের প্রতি নয়। তিনি বলেন, ছাত্রদলের কাজ মিছিল আর স্লোগান দেওয়া নয়। অন্য সংগঠনের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে সাধারণ ছাত্রদের সমস্যার সমাধান, মনোযোগ দিয়ে পড়াশুনা করা, শিক্ষাঙ্গনের পরিবেশ ভালো রাখায় তাদের কাজ করতে হবে।