সরকারের আচরণ স্বৈরাচারের চেয়েও খারাপ: খালেদা জিয়া
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নয়, তারা বিরোধী দলের সঙ্গে স্বৈরাচারী সরকারের চেয়েও খারাপ আচরণ করছে।আজ সোমবার বিকেলে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার প্রাক্কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের খালেদা জিয়া এ কথা বলেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপির নেতা-কর্মীদের ভিআইপি লাউঞ্জে ঢুকতে না দেওয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।বিরোধীদলীয় নেতা বলেন, ‘আজকে আমাদের সঙ্গে সরকার যে আচরণ করল, এটা অত্যন্ত দুঃখজনক। গণতান্ত্রিক সরকারের এমন আচরণ করা উচিত নয়। এটা পরিষ্কার হয়ে গেছে যে, এই সরকার গণতান্ত্রিক নয়, স্বৈরাচার সরকারের চেয়েও এরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করছে।’খালেদা জিয়া বলেন, এই সরকার চায় না দেশে গণতন্ত্র থাকুক, জনগণের কল্যাণ হোক। দেশের কল্যাণ হোক, তাও সরকার চায় না। তারা লুটপাট ও সন্ত্রাসে ব্যস্ত।পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৯ সেপ্টেম্বর খালেদা জিয়ার দেশে ফেরার কথা।