সরকারের এক বছরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়েছে ১৪ দলের বৈঠকে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপকে গণমুখী আখ্যা দিয়ে তাঁর প্রশংসা করা হয়েছে। দীর্ঘ এক বছর পর মহাজোট সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় ১৪ দলের বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগ, জাসদ ন্যাপসহ বাম ঘরানার ১১ দলভুক্ত দলগুলো অংশ নেয়। তবে ১৪ দলের অন্যতম শরিক গণফোরামের কোনো প্রতিনিধি বৈঠকে ছিলেন না।ঘণ্টাখানেক বৈঠক শেষে রাত সাড়ে নয়টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আলোচিত বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।বৈঠকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে ১৪ দলের সমন্বয়ক মনোনীত করা হয়। তা ছাড়া এখন থেকে ১৪ দলের নিয়মিত বৈঠকেরও সিদ্ধান্ত হয়।সৈয়দ আশরাফ বলেন, বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার এবং শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়। ১৪ দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে ব্যাপারেও আলোচনা হয়। তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত এক বছরের কর্মকাণ্ডের ওপর বক্তব্য দেন। ১৪ দলের নেতারা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানান। যে অঙ্গীকার নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এসেছে, সে অঙ্গীকার বাস্তবায়নে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আতাউর রহমান খান কায়সার, রাজিউদ্দিন আহমেদ রাজু, মহীউদ্দীন খান আলমগীর, মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির মোহাম্মদ আফজাল, গণ-আজাদী লীগের আবদুস সামাদ, ন্যাপের আমেনা আহমেদ, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।এরপর মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বেগম রওশন এরশাদ, জি এম কাদের, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন। পরে ১৪ দলসহ মহাজোটের নেতারা একসঙ্গে নৈশভোজে অংশ নেন।