সরকারের এজেন্ট ও সন্ত্রাসী বাহিনী সহিংসতা ঘটিয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম দাবি করেছেন, হরতালের আগের দিন গতকাল শনিবার বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন। তিনি বলেন, ‘সরকারের এজেন্ট ও সন্ত্রাসী বাহিনী এসব ঘটনা ঘটিয়েছ, যাতে বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া যায়।’আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তরিকুল ইসলাম এ দাবি করেন।হরতালে সহিংসতা প্রসঙ্গে বিএনপির সমন্বয়ক বলেন, ‘এই ধরনের কোনো নির্দেশ বা আহ্বান বিএনপির পক্ষ থেকে ছিল না। যদি থাকত তবে আজ সকাল থেকেই সারা দেশে এ ধরনের বহু ঘটনা ঘটত।’ সরকারকে উদ্দেশ করে তরিকুল বলেন, ‘আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। নৈরাজ্য থেকে দেশকে বাঁচানোর জন্য অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।’তরিকুল অভিযোগ করে বলেন, এ সরকার ঘরে-বাইরে কোথাও মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। গত চার বছরে ১৫৬ জন গুম হয়েছে। পুরো দেশ মৃত্যু-উপত্যকায় পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি। বিএনপির সমন্বয়ক অভিযোগ করেন, ঢাকা মহানগরের ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজুমদারকে র্যাব তুলে নিয়েছে। বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে র্যাব তা অস্বীকার করে। আজ সকালে তাঁর লাশ পাওয়া গেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতালের আগের দিন গতকাল বিকেল থেকেই রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়। গত রাতে নগরের বিভিন্ন স্থানে ১০টি বাসে আগুন দেওয়া হয়। কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান দাবি করেন, হরতাল-সমর্থকেরা এসব অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। পুলিশ পেটোয়া বাহিনীর আচরণ করছেবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, পুলিশ পেটোয়া বাহিনীর মতো আচরণ করছে। তিনি অভিযোগ করেন, পুলিশ এখানে তাঁদের মিছিল করতে দিচ্ছে না। হরতাল সামনে রেখে দুই দিন আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের বাসায় বাসায় তল্লাশি ও ধরপাকড় চালিয়েছে পুলিশ।আজ সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও বিপরীত দিকে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন রয়েছেন। পুলিশ কার্যত অবরুদ্ধ করে রাখায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ নেতা-কর্মীরা। কার্যালয়ের সামনে কিংবা এর আশপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।