সরকারের কর্মকাণ্ড জনগণের জানার অধিকার রয়েছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড জনগণের জানার অধিকার রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়গুলোর কাজ জনসম্মুখে প্রকাশ করা প্রত্যেক সরকারের বিশেষ করে মন্ত্রণালয়ের দায়িত্ব।আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁও তথ্য কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত তথ্য অধিকার আইনবিষয়ক এক মতবিনিময় সভায় শফিক আহমেদ এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, প্রথম অবস্থায় আইন সম্পর্কে সবাই জানেন কি না, সন্দেহ রয়েছে। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে ২০০৯ সালে আইনটি করা হয়। সচিবেরা জানতে শুরু করেছেন। কিছু স্টেট সিক্রেট ছাড়া সরকারি যেকোনো তথ্য জানার সাংবিধানিক অধিকার জনগণের রয়েছে।’পার্বত্য চট্টগ্রামসহ তিনটি বিষয়ে সঠিকভাবে তথ্য উপস্থাপন না করায় বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বলা হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। কিন্তু এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়, দেশীয় আইনে দেশীয় ট্রাইব্যুনালে ওই অপরাধের বিচার হচ্ছে। বিদেশিদের কাছে সত্যিকার বিষয়টি তুলে ধরা হচ্ছে না। যা দেওয়া হচ্ছে, তা তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত নয়।শফিক আহমেদ বলেন, মাঝেমধ্যে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা খর্ব করার জন্য আইন করা হচ্ছে। কিন্তু দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিজস্ব প্যানেল আইনজীবী আছে। এ ছাড়া নিয়োগের জন্য আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি রয়েছে।দুর্নীতিকে না বলার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতিকে সব সময় না বলব। এ জন্য মন্ত্রণালয়ের প্রতিটি প্রতিষ্ঠানের সচেষ্ট হওয়া দরকার। যে যে ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি, করতে চাচ্ছি—ঘাটতি থাকলেও জনগণের তা জানার অধিকার রয়েছে। মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে সেবা পেতে এসে জনগণ বঞ্চিত হলে, হয়রানির শিকার হলে তা দুঃখজনক। এ ক্ষেত্রে নিজস্ব কার্যপরিধির মধ্যে থেকে স্বচ্ছভাবে সেবা দেওয়া উচিত।’প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন নিয়ে কৌতূহল রয়েছে। ঢাকায় কোনো কোনো ক্ষেত্রে এর বাস্তবায়ন হলেও ঢাকার বাইরে জনগণ সহায়তা পাচ্ছে না। প্রতিটি মন্ত্রণালয়ে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো ক্ষেত্রে ওই কর্মকর্তা অনুপস্থিত থাকলে, বিকল্প ব্যবস্থাও রাখতে হবে।অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনারের সভাপতিত্বে কৃষিসচিব সি কিউ কে মুশতাক আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত-সচিব খোন্দকার শওকত হোসেন, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের ও সাদেকা হালিমসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। তথ্য কমিশন ও বেসরকারি সংস্থা এমআরডিআই যৌথভাবে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।