সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনার আহ্বান তথ্যমন্ত্রীর
সরকার যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য গণমাধ্যমকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার বিদ্যুত্ ভবনে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) আয়োজিত এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।‘বিদ্যুত্ খাতের উন্নয়ন ও সংবাদমাধ্যমের ভূমিকা’ শীর্ষক ওই কর্মশালায় তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তথ্যের অধিকারে বিশ্বাস করি। এ জন্য এ-সংক্রান্ত আইন অনুমোদন করেছি এবং তথ্য কমিশন গঠন করেছি। কিন্তু যথাযথ প্রতিবেদন প্রকাশে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দেখতে চাই আমরা।’ তিনি বলেন, ‘বিকৃত ও অতিরঞ্জিত তথ্য কোনো সরকারকেই একটি ভালো জাতি গঠনে সহযোগিতা করে না। তাই সরকারের ভালো কাজগুলো তুলে ধরুন এবং সরকারের ভূমিকার গঠনমূলক সমালোচনা করুন।’আবুল কালাম আজাদ আরও বলেন, জনগণের কাছে যথার্থ ও সঠিক তথ্য পৌঁছাতে হবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে সাংবাদিকদের এ কাজ করা উচিত।বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব তাপস পাল, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির প্রমুখ। অর্ধদিবসের এই কর্মশালায় ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।কর্মশালায় পিডিবির চেয়ারম্যান জানান, ১ নভেম্বর থেকে নতুন বিদ্যুত্-সংযোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার। তবে পিডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে লোডশেডিং বন্ধ করা সম্ভব হবে না। বাসস।