সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার গত ১৯ মাসের শাসনে জনগণকে কিছুই দিতে পারেনি। তারা গ্যাস দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না, যানজট কমাতে পারে না। দেশে এখন শুধু নেই আর নেই। এ সরকারের বোঝা উচিত, তারা ব্যর্থ। ব্যর্থতার দায় স্বীকার করে সরকারের উচিত, ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন কিছু চিন্তাভাবনা করা।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। সরকারি দলের লোকজন সিন্ডিকেট করে রমজানের সময় দ্রব্যমূল্য বাড়িয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।