সরকারের ক্ষমতা ধরে রাখার নৈতিক অধিকার নেই: ফখরুল
এখন আর বিএনপিকে বলতে হয় না, মহাজোট সরকারের শরিক, এমনকি সরকারদলীয় সাংসদেরাও বলছেন, এ সরকার ব্যর্থ। তাই এ সরকারের ক্ষমতা ধরে রাখার কোনো নৈতিক অধিকার নেই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেছেন।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) দলের প্রয়াত চেয়ারম্যান শফিকুল গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম: দেশ প্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও মুসলিম লীগের নেতারা অংশ নেন।জাতি এখন সবচেয়ে কঠিন সময় পার করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী দেশকে একটি অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে যাচ্ছেন। জাতিকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন।ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফর প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। সেই সঙ্গে আমরা দেখতে চাই, কী কী চুক্তি হচ্ছে। তাতে দেশের স্বার্থ কতটুকু রক্ষা হবে।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপের সভাপতি জেবেল রহমান গণি প্রমুখ বক্তব্য দেন।