সরকারের গুদামে চাল না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার
চালকলের মালিকেরা সরকারি গুদামে চাল না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। চুক্তি অনুযায়ী চাল না দিলে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক গতকাল রোববার প্রয়োজনে চালকল মালিকদের লাইসেন্স বাতিলের ঘোষণা দেন। খাদ্যমন্ত্রী তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, যে চাল ইতিমধ্যে কেনা হয়ে গেছে, তার জন্য কোনো অতিরিক্ত অর্থ সরকার থেকে দেওয়া হবে না। চালকল মালিকদের জন্য নতুন কোন আশ্বাস দেবেন কি না, জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, তাঁদের জন্য কোনো আশ্বাস নেই। তাঁরা সরকারের সঙ্গে যে চুক্তি করেছেন, তা পালন করে সরকারি গুদামে চাল দিতে হবে। সরকারি গুদামে চাল সরবরাহ ও দাম কমানোর ব্যাপারে চালকল মালিকদের সঙ্গে আলোচনা করা হবে কি না, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘এটা গণতান্ত্রিক সরকার। সমস্যা নিয়ে যে কারও সঙ্গেই আলোচনা হতে পারে।’ আবদুর রাজ্জাক তাঁর কার্যালয়ে গতকাল সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে চালের দাম বৃদ্ধি পাওয়া অযৌক্তিক। মিলের মালিকেরা সরকারি গুদামে চাল না দিলে বাজারে চালের সরবরাহ বেড়ে দাম কমার কথা। কিন্তু দাম বাড়ছে।’ গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মেজর অ্যান্ড অটো হাসকিং সমিতির জয়পুরহাটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারি গুদামে চাল সরবরাহের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেওয়া হয়। সমিতির আহ্বায়ক এ কে এম লায়েক আলী এ ব্যাপারে প্রথম আলোকে জানান, সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসের ভিত্তিতে তাঁরা চাল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন। সরকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। খোঁজ নিয়ে জানা গেছে, চালের সংগ্রহ মূল্য নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য সমিতির একটি প্রতিনিধিদল আজ ঢাকায় যাচ্ছে। কাল তাদের সঙ্গে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বৈঠক হবে। এদিকে, রমজানের আগে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে খাদ্য অধিদপ্তর সারা দেশে তাদের ডিলারদের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম (ওএমএস) চালু করার পরিকল্পনা নিয়েছে। তবে ওএমএসের চালের দাম এখনো চূড়ান্ত হয়নি। সরকারি গুদামে চালের মজুদ বাড়াতে ভারত, ভিয়েতনাম ও মায়ানমার থেকে লক্ষ্যমাত্রার অতিরিক্ত চাল আমদানিরও চিন্তা-ভাবনা করা হচ্ছে। গত সপ্তাহে চাল আমদানির ব্যাপারে ভারত সফরে যাওয়া খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিদলটি গতকাল দেশে ফিরেছে। প্রতিনিধিদলের প্রধান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ভারত চুক্তি অনুযায়ী এক লাখ টনের পাশাপাশি আরও দুই লাখ টন অতিরিক্ত চাল দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি আরও তিন লাখ টন চাল রপ্তানির প্রস্তাব নিয়ে ভিয়েতনামের একটি প্রতিনিধিদল ১৫ জুলাই বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে। মেজর অ্যান্ড অটো হাসকিং সমিতি গতকাল থেকেই সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ রেখেছে। প্রতি কেজি ২৫ টাকা সংগ্রহ মূল্যে সরকারের সঙ্গে চালকল মালিকদের পাঁচ লাখ টন চাল সরবরাহের চুক্তি হয়। দুই লাখ ৬৩ হাজার টন চাল সরকারি গুদামে সরবরাহের পর চালকল মালিকেরা ধানের দাম বেড়েছে—এই যুক্তি দেখিয়ে চাল সরবরাহ বন্ধ করে দেন। ৪ জুলাই খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় চুক্তি হওয়া বাকি দুই লাখ ৩৭ হাজার টন চাল সরবরাহের ক্ষেত্রে প্রতি কেজির জন্য তিন টাকা উৎসাহ বোনাস ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকে বাজারে চালের দাম মণপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে যায়। সংবাদ সম্মেলন ও সিদ্ধান্ত প্রত্যাহার: আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কে এম লায়েক আলী গতকাল জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, সরকারি গুদামে চাল সরবরাহ না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিয়ে ঢাকায় আজ সোমবার বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং বৈঠকে সন্তোষজনক সমাধান হবে বলে তিনি আশাবাদী। সমাধান না হলে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। গত শুক্রবার সমিতি চাল সরবরাহ বন্ধের ঘোষণা দিলেও গতকাল রোববার জয়পুরহাট জেলার বিভিন্ন খাদ্যগুদামে চালকল মালিকেরা ৪৫১ মেট্রিক টন চাল সরবরাহ করেন বলে জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্র জানায়। ৯ জুলাই সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কে এম লায়েক আলী জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, সরকারি গুদামে এর আগে থেকে যাঁরা চাল সরবরাহ করেছেন এবং আরও যাঁরা চাল সরবরাহ করবেন, তাঁদের কেজিপ্রতি তিন টাকা হারে উৎসাহ বোনাস প্রদান করতে হবে। সরকার এ উৎসাহ বোনাস প্রদান না করলে তাঁরা রোববার থেকে সারা দেশে সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ রাখবেন। তবে জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুর রকিব জানান, জয়পুরহাট জেলায় গতকাল জেলার বিভিন্ন গুদামে জেলার ৫০ জন চালকল মালিক চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেছেন। তাঁর জানা মতে গতকাল রোববার উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় চাল সংগ্রহ হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলার মোল্লা চালকলের মালিক ওবায়দুর রহমান মোল্লা জানান, সমিতি চাল সরবরাহ না করার যে ঘোষণা দিয়েছে, সে বিষয়টি অনেকেই জানতেন না। ফলে চাল সরবরাহ করা হয়েছে।