জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘সংকট নিরসনে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। অচিরেই শিক্ষকসংকট দূর হবে। এখন নতুন পদায়ন করা একান্ত প্রয়োজন। কারণ ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলো একসঙ্গে যখন জাতীয়করণ হয়, তখন যে পদ সৃষ্টি করা হয়েছিল তা এখনো অব্যাহত আছে। দীর্ঘ ৩৭ বছরেও নতুন কোনো শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। অথচ শিক্ষার্থী বেড়েছে তখনকার চেয়ে কয়েকগুণ। যদিও পিডিপি-২ প্রকল্পের আওতায় বেশ কিছু বিদ্যালয়ে নতুন দুটি শ্রেণীকক্ষ বাড়ানো হয়েছে এবং এর বিপরীতে দুজন শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে সবকটি বিদ্যালয়ে বাড়ানো উচিত। শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণ বাধ্যতামূলক হওয়াতে প্রতিবছর দুটি ব্যাচে বিপুলসংখ্যক শিক্ষক এই প্রশিক্ষণে থাকায় শিক্ষাক্ষেত্রে সমস্যা প্রকট হয়। এ সমস্যা দূর করতে ওই সময় প্রক্সি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা উচিত। সিডরে বরগুনা জেলার প্রায় সবকটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। তখন যে বরাদ্দ এসেছে তা দিয়ে সমতার ভিত্তিতে আমরা বিদ্যালয়গুলো মেরামত করেছি। কিন্তু আইলায় যে বিদ্যালয়গুলো ক্ষতি হয়েছে, কোনো বরাদ্দ না পাওয়ায় সেগুলো মেরামত করা যায়নি। আমার মতে, বরগুনা যেহেতু দুর্যোগপ্রবণ জেলা, সে ক্ষেত্রে এ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় নির্মাণ হওয়া উচিত। এতে জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়গুলোর অবকাঠামো সমস্যা দূর হবে। আর বিদ্যালয়ে বেঞ্চের সমস্যা দূর করার জন্য সরকারের উচিত বেঞ্চ সরবরাহের জন্য আলাদা একটি প্রকল্প গ্রহণ করা। রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকের সংখ্যা বাড়ানো দরকার। এ ক্ষেত্রে শিক্ষক বৃদ্ধির জন্য সরকারি নীতিমালা অনুযায়ী ৪০০ বেশি শিক্ষার্থীর যে নিয়ম আছে তা কমিয়ে আনা উচিত। কারণ ৪০০ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যাটা প্রকৃত অর্থে অনেক। আর ৪০০ শিক্ষার্থীকে পাঠদানের জন্য মাত্র চারজন শিক্ষক খুবই অপ্রতুল। বরগুনা একটি দুর্যোগ ও দারিদ্র্যপীড়িত জেলা। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ও আইলায় এখানের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা পর্যুদস্ত হয়েছে। এখন এসব পরিবারের শিশু ও অভিভাবকদের কাছে শিক্ষার চেয়ে খাবার জোগাড় করাই অধিক জরুরি। তাই ঝরে পড়া রোধ করা যাচ্ছে না। এ জন্য বরগুনা জেলায় ৪০ ভাগের স্থলে শতভাগ উপবৃত্তির ব্যবস্থা করা উচিত। বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। সেটা হলে ঝরে পড়ার হার অনেক হ্রাস পাবে। বরগুনা একটি অবহেলিত জেলা হওয়ায় শিক্ষার মান বৃদ্ধি ও তদারকি জোরদার করা যাচ্ছে না। কারণ আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তার অধিকাংশ পদ শূন্য। জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর পদও অনেক দিন ধরে শূন্য। জেলা শিক্ষা কর্মকর্তার কোনো যানবাহন নেই, উপজেলা শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের মোটরসাইকেল নেই। এসব কারণে আমরা যথাযথভাবে তদারকি ও প্রশাসনিক কাজকর্ম ঠিকভাবে করতে পারছি না। আর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়টি খুবই জীর্ণদশায় থাকায় সেখানে কার্যক্রম চালানো দুরূহ হয়ে পড়েছে। জেলার প্রাথমিক শিক্ষায় গতিশীলতা আনতে হলে এসব সমস্যা অবিলম্বে সমাধান করা প্রয়োজন। শহরের বিদ্যালয়গুলোতে যুগ যুগ ধরে একই শিক্ষকেরা বহাল এবং পদের অতিরিক্ত শিক্ষক রয়েছে—এটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা। কিন্তু রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। শহর ও সুবিধাজনক বিদ্যালয়গুলোতে এমন শিক্ষকও আছেন, যাঁরা পুরো চাকরির মেয়াদ সেখানে পার করছেন। আমি ডিসি সাহেবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, এবার মার্চ মাসে এ বিষয়ে একটি পদক্ষেপ নেব। জানি না এতে কতদূর সফল হব। তিনি বলেন, এই প্রবণতা রোধ করার জন্য সরকারিভাবে একটি নীতিমালা করে দেওয়া উচিত যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একজন শিক্ষক এক বিদ্যালয়ে চাকরি করতে পারবেন। তাহলে একটি সমতা সৃষ্টি হতো এবং এতে শিক্ষাক্ষেত্রে গতিশীলতা আসত।’ প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন একটি কঠিন চ্যালেঞ্জ: বরগুনা জেলা প্রশাসক স্বপন কুমার সরকার বলেন, ‘প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এ জেলায় সংকটের শেষ নেই। তেমনি অনিয়মও আছে। তার পরও সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে সফলতার সঙ্গে এগিয়ে নিতে হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারও এ ব্যাপারে খুব সচেতন। বরগুনা দারিদ্র্য ও দুর্যোগপ্রবণ জেলা হওয়ায় এখানে প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা একটি কঠিন চ্যালেঞ্জ। এতকিছুর পরও এখানে প্রাথমিক শিক্ষায় অগ্রগতি থেমে নেই। এটা আরও হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে যখনই সময় পাই বিদ্যালয়গুলো পরিদর্শন করি এবং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। দিনের সব কাজের মধ্যে এটাও আমার রুটিন কাজের অংশ। এ রকম সব পেশা-শ্রেণীর মানুষ সচেতনভাবে এগিয়ে এলে এবং শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি সমন্বিতভাবে কাজ করলে আমি মনে করি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি হবে। আর প্রশাসনিক ও অন্য যেসব অসুবিধার কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়, সেসব কারণ নিরসনে ব্যবস্থা গ্রহণে যা করণীয়—আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিতে আমি প্রস্তুত। তাতে যেকোনো সিদ্ধান্ত নিতে আমি পিছপা হব না।’