সরকারের চাপ সত্ত্বেও গ্রামীণ ব্যাংক ছাড়বেন না ইউনূস
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চাপের মুখে গ্রামীণ ব্যাংক থেকে তিনি সরে দাঁড়াবেন না। গতকাল বৃহস্পতিবার এক ই-মেইল বার্তায় তিনি বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন। এর আগে গ্রামীণ ব্যাংকের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁকে আহ্বান জানিয়েছিলেন। এদিকে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ফ্রেন্ডস অব গ্রামীণ’।অর্থমন্ত্রী গত সোমবার বিবিসিকে বলেন, ‘দেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত কোনো বেসরকারি ব্যাংকের নির্বাহী প্রধান থাকতে পারেন। অধ্যাপক ইউনূস পাঁচ বছর আগেই সেই বয়সসীমা পেরিয়ে গেছেন।’ তবে এএফপিকে ই-মেইল বার্তায় ইউনূস বলেন, ‘আমরা একটি বিশেষ অধ্যাদেশের আওতায় গ্রামীণ ব্যাংক গঠন করেছিলাম। সে অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমার বর্তমান মেয়াদ সম্পূর্ণ বৈধ।’ইউনূস আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের তিনজন প্রতিনিধি আছেন এবং তাঁরা সর্বসম্মতিক্রমে বিষয়টি অনুমোদন করেছেন।’গ্রামীণ ব্যাংকের প্রধান জানান, বহুল জনপ্রিয় এই ব্যাংকের স্থিতিশীলতার স্বার্থে নেতৃত্বের পরিবর্তন হওয়া প্রয়োজন খুবই সতর্কতার সঙ্গে। ইউনূস বলেন, ‘সময় হলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং ব্যাংকের সঙ্গে জড়িত অভ্যন্তরীণ ও বাইরের সবার সহযোগিতায় প্রয়োজনীয় পরিবর্তন নিশ্চিত করা হবে।’গত ডিসেম্বরে নরওয়ের একটি টেলিভিশনে প্রচারিত প্রামাণ্য প্রতিবেদনে গ্রামীণ ব্যাংক ও ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। এরপর গ্রামীণ ব্যাংক নিয়ে তদন্ত শুরু করে সরকার। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, নোবেল বিজয়ী ইউনূস গ্রামীণ ব্যাংককে ‘ব্যক্তিগত সম্পত্তি’ মনে করেন এবং ব্যাংকটি গরিবের রক্ত চুষে খাচ্ছে। এরপর গত মাসে ইউনূসকে পৃথক তিনটি আদালতে তলব করা হয়েছে।‘ফ্রেন্ডস অব গ্রামীণ’ নামে নবগঠিত একটি ফোরাম গত বুধবার প্যারিস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিবিসি অনলাইন ও ক্ষুদ্রঋণবিষয়ক ওয়েবসাইট মাইক্রো ফাইন্যান্স ফোকাসে এ ব্যাপারে খবর প্রকাশিত হয়েছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ফ্রেন্ডস অব গ্রামীণের সভাপতি এবং আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক কমিশনার মেরি রবিনসন ওই বিজ্ঞপ্তিতে বলেছেন, অধ্যাপক ইউনূস ও তাঁর গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এ মারমুখী আচরণের প্রতিবাদ জানাতেই তাঁরা সংগঠনটি তৈরি করেছেন। ক্ষুদ্রঋণবিষয়ক ওয়েবসাইট মাইক্রো ফাইন্যান্স ফোকাস সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ফ্রেন্ডস অব গ্রামীণ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ৫০টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তিকে নিয়ে ফরাসি আইনের অধীনে ফোরামটি গঠিত হয়েছে। এই ফোরামের সভাপতির দায়িত্বে আছেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন। সংগঠনটির কমিটিতে আরও রয়েছেন, ভারতের সাবেক প্রধান বিচারপতি জগদীশ শরণ ভার্মা, বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস ডি উলফেনসন প্রমুখ।গত বুধবার ফ্রেন্ডস অব গ্রামীণের এক বিবৃতিতে মেরি রবিনসন বলেছেন, তাঁদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে, অধ্যাপক ইউনূসের সম্মান ও গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা রক্ষার জন্য উদ্যোগ নেওয়া। বিবৃতিতে রবিনসন বলেছেন, অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ওপর যে অব্যাহত হামলা হচ্ছে, তাতে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন।বিবিসির খবরে বলা হয়, ফ্রেন্ডস অব গ্রামীণ মনে করে, অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ‘রাজনৈতিকভাবে’ এসব হামলা সমন্বয় করা হচ্ছে। মাইক্রো ফাইন্যান্স ফোকাস ওয়েবসাইটে ড. কামাল হোসেনের উদ্ধৃতি দিয়ে এ সম্পর্কে তাঁর একটি বক্তব্যও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রত্যেক নাগরিক গ্রামীণ ব্যাংককে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে দেশের লাখ লাখ দরিদ্র নারীকে আত্মনির্ভর ও মর্যাদাসম্পন্ন করে তুলেছে। এটা সম্ভব হয়েছে মুহাম্মদ ইউনূসের উৎ সাহ ও নির্দেশনায়। কামাল হোসেন আরও বলেন, ‘এ প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে আমাদের সবার একত্র হওয়া দরকার।’সম্প্রতি গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্ক ওঠে। গত বছর নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তথ্যচিত্রে অভিযোগ করা হয়, অধ্যাপক ইউনূস ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে সাহায্যের অর্থ অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের অন্য প্রকল্পে স্থানান্তর করেন। তবে গ্রামীণ ব্যাংক এ অভিযোগ অস্বীকার করে।পরে নরওয়ে সরকার এক বিবৃতিতে জানায়, বিষয়টি আগেই মীমাংসা হয়ে গেছে। এর পরও বাংলাদেশ সরকার গত মাসে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি মূল্যায়ন কমিটি গঠন করে।এ পরিপ্রেক্ষিতে গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিবিসিকে জানান, তিনি মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে অধ্যাপক ইউনূসের ব্যাপারে সরকারের পদক্ষেপ মোটেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে জানান তিনি।এদিকে গত ১৫ ফেব্রুয়ারি পাবনার আদালতে প্রতারণার অভিযোগে মুহাম্মদ ইউনূসসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়। আগামী ১৮ মে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। গত ১০ জানুয়ারি ঢাকার খাদ্য আদালতে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে মামলা হয়। সে মামলায়ও তিনি জামিন পেয়েছেন। এ ছাড়া ময়মনসিংহে ২০০৭ সালে ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা হয়। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।