সরকারের জন্য চ্যালেঞ্জ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসিংহভাগ ইউরোপিয়ান দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। যতদূর জানি, যেসব দেশে মৃত্যুদণ্ড নেই, সেসব দেশের রাষ্ট্রীয় আইনে এরূপ একটি বিধান আছে, মৃত্যুদণ্ড আছে এমন রাষ্ট্রের কাউকে ফেরত পাঠানো যাবে না। তাই এমন দেশে যারা লুকিয়ে আছে, চাইলেও ওই সব দেশ তাদের ফেরত পাঠাতে পারবে না। পাঠালে তারা নিজেরাই রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের জন্য দায়ী হবে। তাই, চাইলেও বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফেরত আনার কাজটা সহজ হবে না। আন্তর্জাতিক আইনে এ বিষয়ে ইতিবাচক কিছু থাকলেও রাষ্ট্রীয় আইনের এ নিষেধাজ্ঞার কারণে অনেক রাষ্ট্রই এ জায়গায় অসহায়। এ আইনগত বাধার কারণে, আমি মনে করি, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করা এখন সরকারের জন্য খুব বড় মাপের একটা চ্যালেঞ্জ। দেশে ফেরত আনতে আইনগত কিছু বাধা থাকলেও ফেরত আনার পর তাদের শাস্তি কার্যকরে কোনো আইনগত বাধা নেই। কেবল আছে কিছু আইনগত আনুষ্ঠানিকতা। ওই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হওয়া মাত্রই মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব।