সরকারের জন্য সতর্ক-সংকেত
রাজতন্ত্রে বা সামরিক স্বৈরতন্ত্রে জনমতের কোনো মূল্য নেই। গণতন্ত্র জিনিসটাই জনমতের ব্যাপার। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ জনগণই কোনো দলকে ক্ষমতায় বসায় এবং জনগণই সরকারকে ক্ষমতা থেকে সরায়। গণতান্ত্রিক সরকারের কর্তব্য অব্যাহতভাবে জনগণের মতামতকে মূল্যায়ন করা। কারণ, ওদিকে জনগণ অনবরতই সরকারের কাজকর্মের ও নীতি-আদর্শের নীরবে মূল্যায়ন করতে থাকে। সেই মূল্যায়নের ফলাফলটা প্রকাশ পায় পরবর্তী নির্বাচনে।জনমত কোনো স্থির বিষয় নয়। জনগণ দেশের দু-একটি মৌলিক ব্যাপার ছাড়া কোনো ব্যাপারে স্থির ও অনড় অবস্থায় থাকে না। বিভিন্ন ইস্যুতে জনমত অনবরত নড়াচড়া করে, পারদের মতো ওঠানামা করে। সুতরাং জনমতের পারদ সরকারের জন্য সতর্কবার্তার কাজ করে। জনগণের আবেগ-অনুভূতি সরকারের গোচরীভূত হওয়ামাত্র সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে। অবশ্য করবেই এমন কথা নেই। জনমতকে মূল্য দেওয়া না-দেওয়া সরকারের ইচ্ছাধীন। তবে দিলে সরকার ও জনগণ উভয় দিকই উপকৃত হয়।মহাজোট সরকারের দুই বছর পূর্ণ হলো। এই সময় সরকারের সামগ্রিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ক্ষেত্রে গৃহীত পদক্ষেপে জনগণ কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট তার ওপর একটি জনমত জরিপের ফলাফল আমাদের হাতে এসেছে। আধুনিক কালে জনমত জরিপ বিশ্বব্যাপী স্বীকৃত। জরিপের ফলাফল বা মতামত শতভাগ নির্ভুল তা নয়, তবে মোটের ওপর ৯০ ভাগ সঠিক বলে ধরে নেওয়া হয়।দেশের সবগুলো বিভাগের গ্রামে ও শহরের বিভিন্ন শ্রেণী-পেশার নারী ও পুরুষের মধ্যে জরিপ চালানো হয়েছে। খাতওয়ারি জরিপে দেখা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপে জনগণ সন্তুষ্ট। মনে হয়, নতুন শিক্ষানীতির প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন রয়েছে। ৮৯ শতাংশ মানুষ বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপ সার্থক। মাত্র আট ভাগ মানুষ মনে করেন শিক্ষাক্ষেত্রে সরকার সফল নয়। তা ছাড়া শিক্ষামন্ত্রীর আন্তরিকতাও সাধারণ মানুষের দৃষ্টি এড়ায়নি। এবার শিক্ষার্থীরা যথাসময়ে নতুন বই পেয়েছে।আমাদের মতো দেশে সীমিত ও নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের সবচেয়ে বেশি বিপন্ন ও ক্ষুব্ধ করে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকার দুই বছরে কতটা সফল সে ব্যাপারে জনমত সুখকর নয়। ২০০৯ সালে মাত্র ৯ শতাংশ মানুষ মনে করেছেন সরকার যথেষ্ট সফল, ৪০ শতাংশ মনে করেছেন মোটামুটি সফল, ৯ শতাংশ বলেছেন অসফল এবং ২০ শতাংশ বলেছেন মোটেই সফল নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ব্যবসায়ীদের অশুভ সিন্ডিকেটই দায়ী। তাদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। সুতরাং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রশ্নে ২০১০ সালে মানুষের মনোভাব ভালো নয়। শতকরা মাত্র পাঁচ ভাগ মানুষ সম্পূর্ণ সন্তুষ্ট। ৩৬ শতাংশ মানুষের মতামত হলো ততটা সফল নয় এবং ৩৬ শতাংশের ধারণা মোটেই সফল নয়। অর্থাৎ ৭২ ভাগ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অসন্তুষ্ট। বাংলাদেশে সব সরকারেরই জনপ্রিয়তা নির্ভর করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা না-রাখার ওপর। বর্তমান সরকারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।ক্ষমতা গ্রহণের পরদিন থেকেই মানুষ দেখেছে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব। সহিংসতা ঘটেছে সারা দেশে এবং এসব ঘটিয়েছে সরকারি দলের লোকেরাই। আইনশৃঙ্খলার অবনতির জন্য তারাই দায়ী। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ভূমিকা ছিল নীরব দর্শকের। ২০০৯ সালে গ্রামাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল খারাপ। ৬৬ শতাংশের মতামত তা-ই। ২০১০ সালে সামান্য উন্নতি হয়—৬১ ভাগ মানুষ অনুরূপ মতই দেন।মহাজোট সরকারের নেতাদের নির্বাচনী অঙ্গীকার ছিল দুর্নীতি কমিয়ে আনা। তাদের দুই বছরে দুর্নীতি বেড়েছে, কমেছে, নাকি একই রকম আছে—এ প্রশ্নের উত্তরে ২০০৯ সালে ৩৪ ভাগ বলেছেন বেড়েছে। ৪২ জনের অভিমত কমেছে এবং ২৩ জন বলেছেন একই রকম আছে। এ ধরনের জনমতের কারণ, দুর্নীতি কমাতে তেমন কোনো দৃষ্টিগ্রাহ্য উদ্যোগ লক্ষ করা যায়নি দুই বছরে।দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অঙ্গীকার নেতারা নির্বাচনের আগে বহুবার করেছিলেন। কিন্তু ৪৮ ভাগ মানুষ মনে করেন দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে না, ৪৫ শতাংশ মনে করেন পারছে। মোটের ওপর দুর্নীতি কমিয়ে আনতে সরকার সফল হতে পারেনি, তাতে সন্দেহ নেই।জরিপে দেখা যায়, দুই বছরে বিচারব্যবস্থার উন্নতি হয়েছে বলে মনে করেন ৪৮ জন। ২৮ জন মনে করেন অবনতি হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সমর্থন আছে ২২ ভাগ উত্তরদাতার, ৭৭ জন এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে। স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। টেকসই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ৫৭ ভাগ উত্তরদাতা মনে করেন, কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি বর্তমান সরকারের সময়। কয়েক বছর যাবৎ বিচার বিভাগ আলোচ্য বিষয়ে পরিণত হয়ে আছে। দলীয়করণের অভিযোগ উঠেছে।বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি ছিল সরকারের। সেটা করতে গেলে গ্রামে ও শহরে, নারী ও পুরুষের পর্যাপ্ত কর্মসংস্থান করতে হবে। অর্ধেক উত্তরদাতা মনে করেন, সরকার তার প্রতিশ্রুতি রেখেছে, বাকি অর্ধেক মনে করেন, প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। কয়েক বছর যাবৎ বিদ্যুৎ-সমস্যা নাগরিক অসন্তোষের অন্যতম কারণ। উত্তরদাতারা বলছেন, ২০০৯ সালে বিদ্যুৎ পরিস্থিতি যতটুকু ভালো করেছিল সরকার, ২০১০-এ তা পারেনি। মাত্র ২৮ জন বলেছেন বিদ্যুতের উন্নতি হয়েছে। ৪৭ জন বলেছেন অবনতি ঘটেছে। যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোর প্রশ্নে মোটামুটি সন্তুষ্ট ৫০ ভাগ মানুষ। বর্তমান সরকারের সময় সংবাদপত্র ও টিভি চ্যানেল বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সম্পাদক ও সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। গণমাধ্যমের প্রতি সরকারের আচরণকে সমর্থন করেন মাত্র ২৭ ভাগ উত্তরদাতা। ৬৪ ভাগ মানুষ গণমাধ্যমের প্রতি সরকারের আচরণকে সমর্থন করেন না। পত্রপত্রিকার প্রতি মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদদের বিষোদ্গার ও অন্যান্য নিবর্তনমূলক পদক্ষেপ বিপুল, অধিকাংশ মানুষের অপছন্দ। যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের একটি প্রধান অঙ্গীকার। ২০০৯ সালে ৭৬ শতাংশ উত্তরদাতা মনে করতেন, এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ সঠিক, ২০১০-এ তাঁদের সংখ্যা কমে হয়েছে ৭২। জোট সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে বলে মনে করেন ৭২ ভাগ মানুষ। কৃষিক্ষেত্রে সরকারের সাফল্য স্বীকৃতি পেয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে কৃষক লাভবান হয়েছে কি না—এ প্রশ্নের উত্তরে ২০১০ সালে ৭৪ শতাংশ উত্তরদাতা মনে করেন লাভবান হয়েছে, ২৪ ভাগ না-বাচক জবাব দেন। সরকারপ্রধানকে মানুষ সামগ্রিকভাবে কীভাবে মূল্যায়ন করে সেটা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসম্পাদনে দক্ষতার প্রশ্নে ২০০৯ সালে ৩৯ শতাংশ বলেছিলেন খুব ভালো, ৩৭ জন বলেছিলেন মোটের ওপর ভালো। ২০১০ সালে ৩২ জন বলেছেন খুব ভালো, ৪৩ জন বলেছেন মোটামুটি ভালো। সরকারের দুই বছরের কার্যক্রম পরিচালনায় ১৬ ভাগ উত্তরদাতা পুরোপুরি সন্তুষ্ট, ৪৪ শতাংশ মোটামুটি খুশি।আগেই বলা হয়েছে, জনমত জরিপের ফলাফল কোনো অনড় বিষয় নয়। তা ওঠানামা করবেই। তা সত্ত্বেও সরকারের নীতিনির্ধারকেরা যদি জনমত বিবেচনায় নেন এবং ক্ষেত্রবিশেষে অবস্থার উন্নতি ঘটাতে সচেষ্ট হন, তাহলে সরকার ও জনগণ উভয় পক্ষই উপকৃত হতে পারে। সৈয়দ আবুল মকসুদ: গবেষক, লেখক