সরকারের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমজীবী-কর্মজীবী জনগণকে নিজেদের স্বার্থে সরকারের সব জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারকে তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাধ্য করার জন্য শ্রমজীবী জনগণের ন্যায়সংগত আন্দোলন-সংগ্রামে বিএনপি তাদের পাশে থাকবে বলেও তিনি জানান। মে দিবস উপলক্ষে আজ শনিবার চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং প্রতি মুহূর্তে কর্মহীন হওয়ার আতঙ্ক, উত্কণ্ঠায় জর্জরিত দেশের শ্রমজীবী জনগণ আজ এক দুঃসহ সময় অতিক্রম করছে। সরকারের ভ্রান্ত নীতি এবং সরকারদলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজির ফলে শত শত শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে।