কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবিহার ও বসতিতে হামলার ঘটনায় সরকারি তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপি। রাজধানীর খিলগাঁওয়ে জোড়পুকুর মাঠে আজ শুক্রবার বিকেলে ১৮ দলীয় জোটের এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করার কথা বলেন।মওদুদ বলেন, ‘সরকার একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে দিয়ে তদন্ত করিয়েছে। কোনো প্রশাসনিক তদন্ত আমরা গ্রহণ করব না। এই প্রশাসনিক তদন্ত আমরা প্রত্যাখ্যান করছি। ভবিষ্যতেও যদি প্রশাসনিক কোনো তদন্ত রিপোর্ট বের হয়, সেগুলোও আমরা প্রত্যাখ্যান করব।’ সত্যিকার তথ্য উদঘাটন ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠনের দাবি জানান বৌদ্ধদের ওপর হামলার ঘটনায় গঠিত বিএনপির তদন্ত কমিটির প্রধান মওদুদ আহমদ। তিনি বলেন, ‘যদি এই কমিশন না করা হয়, তাহলে আমরা যে বলেছি, হামলা ও ধ্বংসযজ্ঞের জন্য সরকার দায়ী, সেটাই প্রমাণিত হবে।’মওদুদ আহমদ বলেন, সরকারের অবহেলা নয়, ইচ্ছাকৃতভাবে ২৬টি বৌদ্ধমন্দির ধ্বংস করা হয়েছে। এটি করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, জঙ্গির কথা বলে ক্ষমতায় থাকার জন্য।বিএনপির এই নেতা জোটের নেতা-কর্মীদের সাবধান হওয়ার আহ্বান জানান। তাঁর আশঙ্কা, আগামী এক বছর সরকার এ ধরনের বিভিন্ন কৌশল গ্রহণ করবে। তিনি নেতা-কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, ‘সরকারের ব্যর্থতা এত বড়, মানুষের মনে এত ক্ষোভ যে আমাদের সংঘাতের পথে যেতে হবে না। শান্তিপূর্ণ আন্দোলনেই সরকারের অবসান হবে। এমন অবস্থার সৃষ্টি হবে, সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।’খিলগাঁও থানা বিএনপির সভাপতি মো. ইউনুস মৃধার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন। নির্দলীয় সরকারের অধীন নির্বাচনে দাবি ও বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও নির্যাতনের প্রতিবাদে এ জনসভা করা হয়। একই সময়ে মাতুয়াইল মৃধার বাড়ি খেলার মাঠে ১৮ দলীয় জোটের আরেকটি জনসভা অনুষ্ঠিত হয়।