অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের দাখিল করা দুটি আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে বেতন-ভাতার বিষয়ে দাখিল করা কাঠামো সংশোধন করে ১৪ মার্চ দেওয়া আদেশ ১৬ মের মধ্যে বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ১০ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল ১০টার দিকে এ আদেশ দেন।এর আগে শুনানিতে অংশ নেন অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) এম জহির। তিনি এ বিষয়ে সংসদে আইন পাসের প্রয়োজন নেই বলে মত দেন। গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করতে বলেন। ১৬ এপ্রিল রাষ্ট্রপক্ষ ‘জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতা, প্রজ্ঞাপন জারির পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা যথাযথ হবে’ উল্লেখ করে একটি আবেদন দাখিল করে।এ বিষয়ে অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনা এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে জানিয়ে ওই দিন আদালত ২১ এপ্রিল রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন।এরই ধারাবাহিকতায় ২১ ও ২২ এপ্রিল আবেদনের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মাসদার হোসেন মামলার পক্ষে প্রধান কৌঁসুলি এম আমীর-উল ইসলাম শুনানি করেন। এদিকে রাষ্ট্রপক্ষ ২১ এপ্রিল আরেকটি আবেদন করেছিলেন।সরকারের দাখিল করা আবেদন সম্পর্কে গত ১৪ মার্চ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেছিলেন, আদালতের নির্দেশ অনুসারে বিচারকদের বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধাসংক্রান্ত তথ্য আদালতে দাখিল করা হয়। আদালত কিছু সংশোধন সাপেক্ষে তা অনুমোদন করেছেন। জেলা জজদের ও সমপদমর্যাদার ২২টি পদ উল্লেখ করা হয়। আদালত সংখ্যা বাদ দিয়ে তা সংশোধন করে বলেছেন, পাঁচ বছর অতিক্রান্ত হলে তাঁরা গ্রেড ওয়ানে উন্নীত হবেন। বিচারকেরা ৫০ শতাংশ বিচারিক ভাতা পেতেন। কাঠামোতে ওই ভাতা ২০ শতাংশ রাখা হয়েছে। আদালত এই ভাতা ৩০ শতাংশে উন্নীত করতে বলেছেন।মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে যাত্রা শুরু করে। পরে পে-কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিত্সা, পোশাকভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও বলা হয়।