সরকারের দুর্নীতির সর্বোচ্চ শিকার পরিবেশ: বাপা
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বশীল ব্যক্তিদের দুর্নীতির কারণে দেশের পরিবেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অভিযোগ তুলেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ বক্তব্য দেন।বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ‘ধরিত্রী রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নীতি ও কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১০ দফা দাবি’ নিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।আয়োজনে ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন), ক্লাইমেট ফাইন্যান্স গভর্নেন্স নেটওয়ার্ক (সিএফজিএন) ও গ্রিন ভয়েস।অভিযোগের সপক্ষে বক্তব্য তুলে ধরে আবদুল মতিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বশীল ব্যক্তিদের হাতেই অধিকাংশ বনাঞ্চল ধ্বংসের শিকার হচ্ছে। তাঁদের দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনসহ সিলেট ও চট্টগ্রামের বনাঞ্চল। এসব অঞ্চলে অবাধে গাছ কেটে বনাঞ্চল উজাড় করা হচ্ছে। দেশের পরিবেশ রক্ষায় এ-সংক্রান্ত দুর্নীতি বন্ধের আহ্বান জানান তিনি।মানববন্ধনে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে বিশ্বের তাপমাত্রা দ্রুত কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনতে দ্বিতীয় মেয়াদে কিয়োটো প্রটোকল চুক্তি গ্রহণ এবং তা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদান, প্রাপ্য জলবায়ুর অর্থ বাংলাদেশের হাতে অবিলম্বে সরাসরি ন্যস্ত করাসহ জলবায়ু অর্থায়ন-প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, বাস্তুহারা ও জীবিকাহারা মানুষদের শিল্পায়িত দেশে অভিবাসনের সুযোগ প্রদান, জলবায়ু তাড়িত বাস্তুচ্যুতদের পুনর্বাসনে বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসনকেন্দ্র স্থাপনে দাবি জানানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর প্রণোদনা দেওয়া, পশুর নদীর তীর থেকে কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্পের স্থান সরিয়ে তা পরিবেশের জন্য নিরাপদ স্থানে স্থাপন, ক্ষমতাবান ব্যক্তি, ব্যবসায়ী কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে নদীসহ জলাশয় ও জলমহালগুলোর বেআইনি দূষণ এবং সংরক্ষিত বনাঞ্চল দখল বন্ধে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রভৃতি।