সরকারের দেওয়া তথ্য বিবরণীকে অসত্য বলেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে খালেদা জিয়ার সমাবেশ টেলিভিশনে চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে বাধা দেওয়ার কথা অস্বীকার করে সরকারের দেওয়া তথ্য বিবরণীকে অসত্য বলেছে বিএনপি।আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকার তথ্য বিবরণীতে সম্প্রচার বাধা দেওয়ার খবরকে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপূর্ণ বলেছে। মূলত সরকারি বিবরণীটিই অসত্য।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের ওপর এ ধরনের খবরদারি কিছুতেই মেনে নেওয়া হবে না।চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও খুলনায় অনুষ্ঠিত সমাবেশে খালেদা জিয়ার ভাষণ পাঁচ-ছয়টি টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে। রাজশাহীর সমাবেশ সম্প্রচারের প্রস্তুতিও টেলিভিশন চ্যানেলগুলো নিয়েছিল। কিন্তু সরকারের উচ্চপর্যায় থেকে তাদের বারণ করে দেওয়া হয়। এর পরও একটি চ্যানেল সরাসরি সম্প্রচার করতে গেলে বিভিন্নভাবে বিঘ্ন সৃষ্টি করা হয়।অভিযোগ করা হয়, সরকার তাদের অপছন্দের সংবাদ ও মতামত কাটছাট করার ব্যাপারে নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। সরকারের পছন্দের নয়—এমন ব্যক্তিদের টক শোতে না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব করা হচ্ছে গোপনে, অনানুষ্ঠানিকভাবে, ভয়-ভীতি দেখিয়ে—এমনকি অপকৌশলের মাধ্যমে। সংবাদমাধ্যমে বিএনপির সংবাদ প্রকাশেও বাধা দেওয়া হচ্ছে। চ্যানেল ওয়ান বন্ধের পর বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। ইলেকট্রনিক ও সংবাদপত্রের ওপর গোপন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে।