সরকারের দেড় বছরে ১ হাজার ৬০০ কোটি টাকার ঋণ মওকুফ
২০০৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ২০ জুন পর্যন্ত গত দেড় বছরে কৃষিঋণসহ সরকারি মালিকানাধীন আটটি ব্যাংকের এক হাজার ৪৬২ কোটি ৫১ লাখ ৮৯ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে। এ সময় মোট ৬৫ হাজার ৯২৫টি ঋণের সুদ মওকুফ করা হয়।আজ রোববার সংসদে সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।মন্ত্রী জানান, মওকুফ করা সুদের মধ্যে সোনালী ব্যাংকে ৫৫৫ কোটি ৮৬ লাখ ছয় হাজার টাকা, জনতা ব্যাংকে ৫৮৬ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা, অগ্রনী ব্যাংকে ৯৯ কোটি ৯১ লাখ ৩৩ হাজার টাকা, রূপালী ব্যাংকে ৯৬ কোটি ৮৭ লাখ ১৭ হাজার টাকা, কৃষি ব্যাংকে ৪২ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার টাকা, ডেভেলপমেন্ট ব্যাংকে ৬৯ কোটি ২৩ লাখ ৬২ হাজার টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১০ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকা এবং বেসিক ব্যাংকের এক কোটি ৪৭ লাখ ৫৮ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে।চারদলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে তিন হাজার ৬৪৪ কোটি ৮০ লাখ ৩৭ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে। এই ব্যংকগুলোতে বকেয়া ঋণের পরিমাণ দুই লাখ ১৬ হাজার ২৪৩ কোটি ৮০ লাখ টাকা। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ বিপুল পরিমাণ সুদ মওকুফ করা হয়েছে।প্রশ্নোত্তর পর্বে সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। প্রশ্নে থাকলেও যাদের ঋণের সুদ মওকুফ করা হয়েছে, তাঁদের পরিচয় জানাননি অর্থমন্ত্রী। বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তর পর্ব আজও টেবিলে উপস্থাপিত হয়। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।