সরকারের ধারাবাহিকতা রক্ষায় সপ্তম সংশোধনী এনেছি : এরশাদ
সামরিক শাসন অবৈধ করে দেওয়া আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্যই সপ্তম সংশোধনী আনা হয়েছিল। আজ রোববার হাইকোর্টের রায়ের পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, আমার শাসনামলে আমি যা যা কাজ করেছি সেগুলোতে বৈধতা আনার জন্যই সপ্তম সংশোধনী আনা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার পরে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত নয়। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি জাতির জন্য কলঙ্কজনক ছিল। হাইকোর্টের রায়ের পরে সে কলঙ্ক মুছে গেছে। এরশাদ অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার সব সময় নিরপেক্ষ ছিল না। প্রত্যেক নির্বাচনের পরে যাঁরা বিজয়ী হতে পারেননি, তাঁরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন।