সরকারের নাজুক অবস্থায় বিরোধী দলের কৃতিত্ব নেই: এবিএম মূসা
প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা বলেছেন, দেশে কার্যকর অর্থে কোনো বিরোধী দল নেই। গণমাধ্যম মূলত সরকারের ভুলত্রুটি তুলে ধরে বিরোধী দলের ভূমিকা পালন করছে। আজ সরকারের যে নাজুক অবস্থা, তাতে বিরোধী দলের কোনো কৃতিত্ব নেই। সরকার নিজের ভারে নিজেই ডুবে যাচ্ছে।আজ বুধবার ফেনী প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে এবিএম মূসা এসব কথা বলেন।ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি মোতাহের হোসেন মাসুম, প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার টিপু সুলতান, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন, সাংবাদিক আবু তাহের প্রমুখ।এবিএম মূসা বলেন, একসময় দেশে সাংবাদিকদের খুন করা হতো। দেশের বিভিন্ন স্থানে ১২৩ জন সাংবাদিক খুন হয়েছেন। এখন সাংবাদিকদের পেটানো হয়। আমি জানি না, এ পরিস্থিতি ভালো হয়েছে কি মন্দ হয়েছে। সাংবাদিকতার স্বাধীনতা ও নির্বিঘ্নে কাজ করার পরিবেশ সৃষ্টির জন্য রাজনীতিতে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির আহ্বান জানান তিনি। এ জন্য রাজনৈতিক হানাহানি বন্ধ এবং পরমতসহিষ্ণুতার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এবিএম মূসা।এবিএম মূসা বলেন, ঢাকার সাংবাদিকদের মাথার ওপর ছায়া রয়েছে। ঢাকার সাংবাদিকেরা নির্যাতিত হলে দেশ-বিদেশের মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু মফস্বলে কোনো সাংবাদিক নির্যাতিত হলে কোনো খবর প্রকাশিত হয় না।প্রবীণ এ সাংবাদিক বলেন, যেসব মিডিয়া মানুষের দুঃখ-বেদনা ও মনের কথা তুলে ধরে এবং সাহস করে সত্য প্রকাশ করে, পাঠকেরা সে পত্রিকা পড়ে এবং দর্শকেরা ওই টিভির খবর দেখে। তিনি ভয়ভীতি উপেক্ষা করে স্থানীয় সংবাদকর্মীদের সত্ সাংবাদিকতার মান ধরে রাখার পরামর্শ দেন।