সরকারের নিযুক্ত প্রশাসক নির্বাচনের আয়োজন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বই দিনের মধ্যে বিভক্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের সময়সীমা চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অর্থাত্ আইন পাসের পরবর্তী ৯০ দিনের মধ্যে সরকার-নিযুক্ত প্রশাসক নির্বাচনের আয়োজন করবেন।আজ রোববার কমিটি বিলটি যাচাইবাছাই করে প্রয়োজনীয় কিছু সংশোধনীসহ প্রতিবেদন চূড়ান্ত করে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে বিলের প্রতিবেদনটি সংসদে উত্থাপিত হয়নি। তবে কাল সোমবার তা উত্থাপন করা হবে। আগামী মঙ্গলবার বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।বিলটি পাসের জন্য অধিবেশনের মেয়াদ এক দিন বাড়িয়ে বিলটি চলতি সংসদেই পাস করা হতে পারে বলে জানা গেছে।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে আজ রাতে প্রথম আলোকে বলেন, সংসদের চলতি অধিবেশনের মেয়াদ এক দিন বাড়ছে। স্থানীয় সরকারবিষয়ক বিলটি এ অধিবেশনে পাস হতে পারে।এর আগে দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি রহমত আলীর অনুপস্থিতিতে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।কমিটি বিলে উপযুক্ত কর্মকর্তা নিয়োগের বিধান বহাল রেখে ‘প্রথম শ্রেণী’ শব্দটি তুলে দিয়েছে। ফলে যেকোনো সরকারি কর্মকর্তাকেই প্রশাসক নিয়োগ করা যাবে। প্রশাসকের সর্বোচ্চ মেয়াদ হবে ৯০ দিন এবং ওই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে কোনো কারণে ওই সময়ে নির্বাচনে ব্যর্থ হলে পরবর্তী ৯০ দিন অতিরিক্ত সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।বৈঠক শেষে নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, বিলটি পাস হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই মেয়াদে একজন উপযুক্ত ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ওই প্রশাসকের দায়িত্ব থাকবে ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষ করা। তিনি বলেন, নতুন কোনো সিটি করপোরেশন গঠিত হলে গেজেট জারির পর থেকে ১৮০ দিনের মধ্যে নির্বাচন শেষ করতে হবে।বিলটি পাস হলে বর্তমান ডিসিসি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ নামে দুটি আলাদা করপোরেশনে উন্নীত হবে। একই সঙ্গে তাত্ক্ষণিকভাবে বর্তমান মেয়র ও কাউন্সিলররাও আর নিজ পদে বহাল থাকতে পারবেন না। ফলে নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত উপযুক্ত যেকোনো ব্যক্তি কিংবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রথম শ্রেণীর কর্মকর্তাকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে সরকার।ডিসিসিকে দুই ভাগ করার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১১’ গত বুধবার সংসদে উত্থাপিত হয়।