সরকারের নির্দেশ জানে না পুলিশ!
আজ মঙ্গলবার বেলা দুইটা। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে জানালেন, ঢাকা কলেজে ভর্তি-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর এ বক্তব্যের চার ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে যোগাযোগ করা হয় নিউমার্কেট থানায়। থানা থেকে জানানো হয়, বিষয়টি তাদের জানা নেই।স্বরাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেছিলেন, ঢাকা কলেজে ভর্তি-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের দুই ঘণ্টার মধ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও ভর্তি-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার। তাঁর এ ঘোষণার পর পরই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ রাজশাহীর উদ্দেশে রওনা হন।ঢাকা কলেজ নিউমার্কেট থানার অধীন। ঢাকা কলেজের ভর্তি-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে কি না, সেটি জানতে সন্ধ্যা ছয়টার দিকে যোগাযোগ করা হয় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম কামরুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঢাকা কলেজে তো কোনো গণ্ডগোল হয়নি। কাকে গ্রেপ্তার করব?’ ভর্তি-বাণিজ্যের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, কাউকে গ্রেপ্তার করা হয়নি।’